হলিউডের ভবিষ্যৎ ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নিয়ে আলোচনা করতে গিয়ে অস্কারজয়ী অভিনেত্রী জোডি ফস্টার মন্তব্য করেছেন, ব্র্যাড পিট অভিনীত ‘এফওয়ান’ সিনেমাটি তার কাছে ‘এআই দিয়ে তৈরি’ বলেই মনে হয়। অ্যাসপেন আইডিয়াস ফেস্টিভ্যালে এক আলোচনায় ফস্টার বলেন, ‘এআই প্রযুক্তি মানুষের সৃজনশীলতাকে আরও সমৃদ্ধ করতে পারে, যদি এর নিয়ন্ত্রণ মানুষের হাতেই থাকে।’ তবে ভবিষ্যতে সেই নিয়ন্ত্রণ বজায় থাকবে কি না, তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। এআই কি একদিন লেখক বা অভিনেতাদের জায়গা নিতে পারবে? এমন প্রশ্নের জবাবে ফস্টার বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে এআইয়ের ব্যবহার ইতোমধ্যে শুরু হয়েছে।’ তিনি ‘ফেস-সোয়াপিং’-এর মতো প্রযুক্তির উদাহরণ তুলে ধরে বলেন, ‘সিনেমা শিল্পে এসব প্রযুক্তি আরও উন্নতভাবে ব্যবহৃত হচ্ছে।’ আলোচনার একপর্যায়ে তিনি ‘এফওয়ান’ সিনেমার প্রসঙ্গ টেনে বলেন, সিনেমাটি তার কাছে ‘এআই দিয়ে তৈরি’ সিনেমার মতো মনে হয়েছে। তবে তিনি স্পষ্ট করেন, এটি কোনো নেতিবাচক মন্তব্য নয়। তার মতে, সিনেমাটির গল্পের কাঠামো ও সংলাপ এতটাই নিখুঁত এবং পরিচিত ছকে সাজানো যে তা অনেকটা কম্পিউটারনির্ভর সৃজনশীলতার অনুভূতি দেয়। তবে ফস্টার দাবি করেননি যে, সিনেমাটি সত্যিই এআই দিয়ে নির্মিত। জোফেফ কোসিনস্কি পরিচালিত ‘এফওয়ান’ সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেয়েছে। নির্মাতাদের দাবি, সিনেমায় বাস্তব দৃশ্য ধারণের ওপরই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।