জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত হয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য পরীক্ষা-সংক্রান্ত অধিকাংশ ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। তবে সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি আগের নিয়মেই পরিশোধ করতে হবে।

জুলাই-আগস্ট ২০২৪ সালের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আহত হয়ে বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা ঘোষণা করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ সিদ্ধান্ত অনুযায়ী, এসব শিক্ষার্থীকে পরীক্ষা-সংক্রান্ত অধিকাংশ ফি পরিশোধ করতে হবে না। তবে সনদ (সার্টিফিকেট) ও ট্রান্সক্রিপ্ট ফি যথারীতি পরিশোধ করতে হবে।

বুধবার (১ জুলাই) বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে আহতদের তালিকা পর্যালোচনা করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ২৬৯ জন শিক্ষার্থীর তথ্য শনাক্ত করেছে। তারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে সংশ্লিষ্ট কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে, যাতে তালিকাভুক্ত আহত শিক্ষার্থীদের সনদ ও ট্রান্সক্রিপ্ট ফি ছাড়া পরীক্ষা-সংক্রান্ত অন্যান্য সব ফি মওকুফ করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ সুবিধা পেতে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের নিজ নিজ কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে।