বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম বলেছেন, ক্ষমতায় বসার পর বিএনপি ‘জুলাই চেতনা’ অস্বীকার করছে। জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো কর্মসূচির আয়োজন না থাকায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জুলাই শহীদ ও আহত-পঙ্গুত্ব বরণকারীদের রক্তের সঙ্গে সরকার বেইমানি করছে, বিশ্বাসঘাতকতা করছে। শুক্রবার যাত্রাবাড়ী জোন সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির আব্দুস সবুর ফকিরের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে বক্তব্য দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুর রব, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য আবুল আসাদ, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন, মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি, ড. আব্দুল মান্নান এবং দারসুল কুরআন পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা ফরিদুল ইসলাম প্রমুখ।