জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ্যে ‘জান দেব, জুলাই দেব না’ প্রতিপাদ্যকে সামনে রেখে লেবার পার্টির ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে শুক্রবার বিকালে সেগুনবাগিচায় গ্রান্ডতাজ রেস্টুরেন্টে পার্টির ঢাকা মহানগর দক্ষিণের প্রতিনিধি সভা হয়। ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক এআরএম জাফরুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব জাহিদুল ইসলামের পরিচালনায় সভায় পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বলেন, জুলাই গণ-অভ্যুত্থান ছিল দেশের জনগণের অধিকার, ভোটাধিকার, গণতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠার সংগ্রাম। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণ একটি বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থার প্রত্যাশা ব্যক্ত করেছে। গণভোটে জনগণের যে রায় প্রতিফলিত হয়েছে, তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ বীর সন্তানদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। বিশেষ করে শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডের দ্রুত, নিরপেক্ষ ও দৃশ্যমান বিচার নিশ্চিত করতে হবে। সভায় আরও বক্তব্য দেন লেবার পার্টির দপ্তর সম্পাদক মিরাজ খান, মানিকগঞ্জ জেলা সদস্য সচিব আবদুল বাসেত, মহানগর যুগ্ম আহ্বায়ক মাসুদ আলম পাটোয়ারী, গোলাম আজম, রাজু ব্যাপারী প্রমুখ।








