চব্বিশের জুলাই গণঅভ্যুত্থান স্বাধীনতা, গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতার আত্মত্যাগের এক ঐতিহাসিক অধ্যায় বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

মঙ্গলবার (৩০ জুন) নগরের বিআইএ কনফারেন্স হলে চব্বিশের জুলাই বিপ্লব স্মরণে ১১ দলীয় ঐক্য ঘোষিত মাসব্যাপী কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভায় তিনি এ কথা বলেন।

নজরুল ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা শুধু স্মরণ করার বিষয় নয়, বরং একটি বৈষম্যহীন, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের অঙ্গীকার। এ চেতনা বাস্তবায়ন, ‘জুলাই সনদ’ কার্যকর করা এবং গুম, খুন ও মানবাধিকার লঙ্ঘনের বিচার নিশ্চিত করতে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে।

আরও পড়ুন

তৃণমূলে জনসমর্থন যাচাইয়ে বড় পরীক্ষার সামনে বিএনপি

তিনি বলেন, এসব কর্মসূচির অংশ হিসেবে আগামী ৪ জুলাই চট্টগ্রামসহ সারা দেশে একযোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। কর্মসূচি সফল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন চট্টগ্রাম নগর জামায়াতের আমির। তিনি বলেন, খুন, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিস্তার, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং প্রশাসনিক দুর্বলতায় সাধারণ মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছে। জনগণ একটি দায়িত্বশীল, জবাবদিহিমূলক ও কার্যকর রাষ্ট্রব্যবস্থা প্রত্যাশা করে।

মুহাম্মদ নজরুল ইসলাম আরও বলেন, গণঅভ্যুত্থানের অর্জন নস্যাৎ করার কোনো সুযোগ দেওয়া হবে না। শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আরও পড়ুন

জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন এবং অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহর সঞ্চালনায় সভায় আরও বক্তব্য দেন- বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সভাপতি এমদাদউল্লাহ সোহাইল, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) চট্টগ্রাম মহানগরীর সভাপতি আবু জাফর মোহাম্মদ আনাস, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি গিয়াস উদ্দিন আলম, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) চট্টগ্রাম মহানগরীর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি মাওলানা রিদওয়ানুল ওয়াহেদ, লেবার পার্টি চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি আফসার উদ্দিন, নেজামে ইসলাম পার্টির কেন্দ্রীয় যুববিষয়ক সম্পাদক অধ্যাপক মুহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির কারি মাওলানা মুবিনুল হক, নগর সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন রব্বানী, এনসিপি চট্টগ্রাম মহানগর সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার সাহেদ ইকবাল চৌধুরী, খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মাওলানা মোস্তফা কামাল, নগর এলডিপির সেক্রেটারি আবু সাঈদ, এবি পার্টির নগর যুগ্ম সদস্য সচিব যায়েদ হাসান চৌধুরী, নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা নুর মুহাম্মদ কিবরিয়া প্রমুখ।

এমআরএএইচ/কেএসআর