জুলাই শহিদ দিবস-২০২৬ উপলক্ষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ১৬ জুলাই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত, শোক র‍্যালি, স্মরণসভা, দোয়া মাহফিলসহ বিভিন্ন আয়োজন।

প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামের উদ্দেশে যাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৭টা ৩০ মিনিটে জুলাই আন্দোলনের শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করা হবে। এরপর সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে লাল ব্যাজ ধারণ এবং শোক র‍্যালি অনুষ্ঠিত হবে।

সকাল ১০টা ১৫ মিনিটে স্বাধীনতা স্মারক মাঠে শহিদ আবু সাঈদের স্মৃতিচারণ ও পুষ্পস্তবক অর্পণ করা হবে। এরপর সকাল ১০টা ৩০ মিনিটে ‘জুলাই শহিদ স্মরণে’ বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া, বিকেল ৫টায় কেন্দ্রীয় মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী জনাব আহমেদ আযম খান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শহিদ আবু সাঈদের বাবা জনাব মো. মকবুল হোসেন এবং শহিদ পরিবারের সদস্যরা।

এছাড়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব ফরহাদ হোসেন আজাদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব জনাব মো. আশরাফুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং দৈনিক যুগান্তরের সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার।

আলোচনা সভায় সভাপতিত্ব করবেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর  উপাচার্য অধ্যাপক মোঃ শওকাত আলী।