শিক্ষার্থীদের আন্দোলনের পরও দেশের ৫৯ জেলায় এইচএসসি ও সমমানের ৫ বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে আজ। বুধবার (১৫ জুলাই) সকাল ১০টায় শুরু হওয়া পরীক্ষা শেষ হবে দুপুর ১টায়। পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়ে রেখেছেন একদল পরীক্ষার্থী।
এ নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। অনেক অভিভাবক কেন্দ্রের বাইরে অবস্থান করছেন। অন্য দিনগুলোতে তাদের অনেকে সকালে কেন্দ্রে সন্তানকে দিয়ে বাসায় বা অফিসে চলে যান। তবে আজ তারা অপেক্ষায় রয়েছেন। সন্তানকে পরীক্ষা শেষে যে কোনোভাবে বাসায় নিয়ে যাবেন বলেও জানিয়েছেন।
রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজের সামনে দুপুর সাড়ে ১২টার দিকে অভিভাবকদের ব্যাপক ভিড় দেখা যায়। এ কেন্দ্রে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছেন। এক ছাত্রীর মা জাগো নিউজকে বলেন, ‘ওরা ক্ষুব্ধ। আন্দোলনে চলেও যেতে পারে আজ। সেজন্য বসে আছি। পরীক্ষা শেষে সঙ্গে করে বাসায় নিয়ে যাবো।’
আরেক ছাত্রীর বাবা বলেন, আন্দোলনে গিয়ে পরীক্ষার আগে আহত বা অসুস্থ হয়ে পড়লে পরে পরীক্ষাই তো দিতে পারবে না। সেজন্য বলেছি আন্দোলনে যাওয়া যাবে না। তারপরও নিশ্চয়তা নেই। সেজন্য ব্যবসা ফেলে মেয়েকে নিতে এসেছি।
আরও পড়ুন
এইচএসসি পরীক্ষার্থীরা হঠাৎ ক্ষুব্ধ কেন, নেপথ্যে যত কারণ
এদিকে, পরীক্ষা শেষে আজ ঢাকাসহ সারাদেশে শিক্ষার্থীরা বিক্ষোভের ডাক দিয়েছেন। ঢাকার শিক্ষার্থীরা কয়েকটি স্পটে জড়ো হয়ে সেখান থেকে লং মার্চ টু শিক্ষা মন্ত্রণালয় কর্মসূচি করার ঘোষণা দিয়েছেন। তারা ঢাকার উত্তরার বিএনএস সেন্টারের সামনে, শাহবাগ, সায়েন্সল্যাব ও মগবাজার এলাকায় অবস্থান নেবেন। পরে লং মার্চ শুরু করবেন বলে জানিয়েছেন।
সময়সূচি অনুযায়ী ৮টি সাধারণ শিক্ষা বোর্ডে (চট্টগ্রাম বাদে) আজ পদার্থবিজ্ঞান দ্বিতীয়পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয়পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয়পত্র পরীক্ষা নেওয়া হচ্ছে। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়ে চলবে দুপুর ১টা পর্যন্ত।
বাংলাদেশ মাদরাসা বোর্ডের অধীনে চট্টগ্রামের ৫ জেলা বাদে ৫৯ জেলায় আলিম পরীক্ষা হচ্ছে। আলিমে আজ আরবি সাহিত্য দ্বিতীয়পত্র পরীক্ষা হচ্ছে। আর কারিগরি বোর্ডের অধীনে ৫৯ জেলায় ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।
এএএইচ/এসএনআর








