বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই শহীদ দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

প্রকাশিত কর্মসূচি অনুযায়ী, সকাল ৬টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পীরগঞ্জ উপজেলার জাফরপাড়া বাবনপুর গ্রামের উদ্দেশ্যে যাত্রার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হবে। সকাল ৭টা ৩০ মিনিটে জুলাই আন্দোলনে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের পর সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসনিক ভবনের দক্ষিণ গেটে লাল ব্যাজ ধারণ ও শোক র‍্যালি অনুষ্ঠিত হবে।

পরবর্তীতে সকাল ১০টা ১৫ মিনিটে স্বাধীনতা স্মারক মাঠে শহীদ আবু সাঈদের স্মৃতিচারণ ও পুষ্পস্তবক অর্পণ এবং সকাল ১০টা ৩০ মিনিটে ‘জুলাই শহীদ স্মরণে’ বিশেষ স্মরণসভা অনুষ্ঠিত হবে। এছাড়া বিকেল ৫টায় কেন্দ্রীয় মসজিদে বাদ আসর দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হবে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, স্মরণসভায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. শওকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আমিনুল ইসলাম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন এবং দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আলমগীর হোসেন।

অনুষ্ঠানে শহীদ আবু সাঈদের পরিবারের সদস্যরাও উপস্থিত থাকবেন বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজিজুর রহমান/এফএ/এএসএম