জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে গণভোটের রায় ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরা, গাজীপুর ও ফরিদপুরে বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার (১ আগস্ট) বিকেলে এসব কর্মসূচি পালিত হয়।সাতক্ষীরা : বিকেলে শহরের আমতলা গণমুখী মাঠ থেকে জেলা জামায়াতের উদ্যোগে এক বর্ণাঢ্য গণমিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। মিছিলপূর্ব সমাবেশে জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে গণভোটের রায়ে। এই রায়ের প্রতি সম্মান জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন এবং ন্যায়ভিত্তিক ও মানবিক বাংলাদেশ গড়তে হবে। সমাবেশে মাওলানা আজিজুর রহমানসহ জেলা পর্যায়ের নেতারা বক্তব্য দেন।গাজীপুর : মহানগর জামায়াতের উদ্যোগে শিববাড়ী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি জয়দেবপুর বাজার হয়ে রেললাইন এলাকায় গিয়ে শেষ হয়। সমাবেশে মহানগর নায়েবে আমীর মো. খায়রুল হাসান বলেন, জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম ত্বরান্বিত করতে হবে। অনুষ্ঠানে সিটি করপোরেশনে জামায়াত মনোনীত মেয়র প্রার্থী ড. হাফিজুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।ফরিদপুর : ফরিদপুর প্রেসক্লাব চত্বর থেকে যৌথভাবে গণমিছিল বের করে জামায়াতে ইসলামীর পৌর ও সদর উপজেলা শাখা। জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা জুলাই গণহত্যার দায়ে অভিযুক্তদের বিচার এবং শহীদ ওসমান হাদীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অবিলম্বে গণভোটের রায় কার্যকর না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন জেলা নায়েবে আমীর ইমতিয়াজ উদ্দিন আহমেদ ও অন্যান্য নেতৃবৃন্দ।গাইবান্ধা : জুলাই হত্যাকাণ্ডের বিচার, শহীদ ওসমান বিন হাদী হত্যার বিচার এবং ‘জুলাই সনদ’ ও গণভোটের জনরায় বাস্তবায়নের দাবিতে গাইবান্ধায় বিশাল গণমিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিকেলে জেলা জামায়াতের উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়। বেলা চারটায় গাইবান্ধা পৌর পার্কের শহীদ মিনার চত্বরে মিছিল-পূর্ব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর মো. আব্দুল করিম এমপি। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা রাজনৈতিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এমপি এবং সঞ্চালনা করেন জেলা ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান।
রাজনীতি
জুলাই সনদ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে জামায়াতের গণমিছিল

শেয়ার করুন







