খুতবা জুমার নামাজের অপরিহার্য অংশ। খুতবা ছাড়া জুমার নামাজ হয় না। যেসব কাজ নামাজের মধ্যে হারাম, তা জুমার খুতবা চলাকালীন সময়ও হারাম। খুতবার সময় মুসল্লিদের চুপ থাকা ওয়াজিব। এ সময় সকল প্রকার কথাবার্তা এমনকি জিকির থেকেও বিরত থাকার নির্দেশ রয়েছে।

নবীজি (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) মক্কা থেকে মদিনায় হিজরতের পর কুবার মসজিদে প্রথম জুমার নামাজ আদায় করেন। এ নামাজে তিনি নিজেই ইমামতি করেন। এ দিন জুমার নামাজের আগে তিনি দুটি খুতবা প্রদান করেন। তখন থেকেই শুক্রবারে জুমার নামাজের জামাতের আগে দুটি খুতবা প্রদানের নিয়ম প্রচলিত রয়েছে। ওফাতের আগ পর্যন্ত নবীজি (সা.) এবং তার পর খলিফা ও অন্যান্য সাহাবিরাও জুমার আগে দুটি খুতবা দিতেন।

জুমার আগে দুই খুতবা দেওয়াকে ইসলামি আইনজ্ঞরা সুন্নতে মুয়াক্কাদা বলেছেন। এক খুতবা দিয়ে জুমার নামাজ পড়ালে জুমার নামাজ শুদ্ধ হয়ে গেলেও তা মাকরুহ হবে।

জুমার দুই খুতবার মাঝে খতিবগণ সংক্ষিপ্ত সময়ের জন্য বসেন, এটাও নবীজির (সা.) সুন্নত। জাবের ইবনে সামুরা (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) জুমার আগে দুটি খুতবা দিতেন, উভয় খুতবার মাঝখানে বসতেন। খুতবায় তিনি কোরআন পড়তেন এবং জনগণকে উপদেশ দিতেন। (সহিহ মুসলিম: ১৮৮০)

আরও পড়ুন

ফেরেশতারাও জুমার খুতবা শোনেন

ইসলামি আইনজ্ঞ ও গবেষকগণ জুমার দুই খুতবার মাঝখানে খতিবদের এই সংক্ষিপ্ত সময় বসার কিছু কারণ উল্লেখ করেছেন:

১. সুন্নত পালন

মহানবী (সা.) যেহেতু জুমার জুমার দুই খুতবার মাঝে বসতেন, তার পর সাহাবায়ে কেরামসহ পরবর্তী যুগের মুসলমান ও আমাদের সময়ের খতিবগণেরও দুই খুতবার মাঝে বসার মূল উদ্দেশ্য হলো আল্লাহর মহানবীর (সা.) সুন্নত পালন করা। তাঁর হুবহু অনুকরণ করা।

২. শারীরিক স্বস্তি ও দুই খুতবাকে আলাদা করা

টানা বক্তব্য প্রদানের পর মাঝখানের এই সংক্ষিপ্ত বিরতি খতিব বা বক্তার শারীরিক ক্লান্তি দূর করতে সাহায্য করে। পাশাপাশি, শ্রোতারাও দীর্ঘ সময় একনাগাড়ে শোনার পর কিছুটা স্বস্তি পান। এটি খুতবার মূল বিষয়ের আলোচনাকে দুটি সুনির্দিষ্ট ও গোছানো অংশে পূর্ণতা দিতে ভূমিকা রাখে।

৩. দুই রাকাত নামাজের স্থলাভিষিক্ত হওয়া

অনেক আলেমের মতে, সাধারণ দিনগুলোতে জোহরের ফরজ নামাজ চার রাকাত হলেও জুমার দিন তা সংক্ষেপ করে দুই রাকাত করা হয়েছে, বাকি দুই রাকাতের শূন্যতা বা ঘাটতি পূরণ করে এই দুটি খুতবা, যা জুমার নামাজেরই অংশ হিসেবেই বিবেচিত হয়। তাই জুমার আগে দুটি খুতবাই দিতে হয় এবং দুই খুতবার মাঝখানে বসার মাধ্যমে দুই খুতবাকে স্পষ্টভাবে আলাদা করা হয়।

আরও পড়ুন

জুমার দুই খুতবার মাঝে দোয়া

ওএফএফ