জাতীয় জুনিয়র (বয়সভিত্তিক) অ্যাথলেটিক্স প্রতিযোগিতা শুক্রবার জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে। তিনদিনের আসরের প্রথমদিনেই হয়েছে দুটি নতুন জাতীয় রেকর্ড। নির্ধারিত হয়েছে চার বিভাগের দ্রুততম অ্যাথলেট।
পদক তালিকায় শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি)।
বালক বিভাগের ১০০ মিটার স্প্রিন্টে ১১.০৩ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম বালকের খেতাব জিতেছে বিকেএসপির জাহিদুল ইসলাম। বালিকা বিভাগে ১৩.০৬ সেকেন্ড সময় নিয়ে দ্রুততম হয়েছে একই প্রতিষ্ঠানের রাফিয়া খাতুন।
কিশোর বিভাগেও বিকেএসপির শেখ এবং কিশোরী বিভাগে দ্রুততম হয়েছে বাংলাদেশ আনসার ও ভিডিপির সাবিনা আক্তার রুবি।
এদিন ভেঙেছে দুটি জাতীয় রেকর্ড। কিশোর ডিসকাস থ্রোতে বিকেএসপির সায়েদ মুশফিক হোসাইন ৩৯.৫৮ মিটার নিক্ষেপ করে নতুন জাতীয় রেকর্ড গড়েন। তিনি ভেঙে দেন ২০১৯ সালে পাবনা জেলা ক্রীড়া সংস্থার মো. মাসুম আহমেদের গড়া ৩৮.২২ মিটারের রেকর্ড।
অন্যদিকে কিশোরী ১৫০০ মিটারে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার খাদিজা খানম ৫ মিনিট ১২.৭০ সেকেন্ড সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড
গড়েন। ২০২৪ সালে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্মৃতি আক্তার ৫ মিনিট ১৫.০৩ সেকেন্ড সময় নিয়ে এই রেকর্ড গড়েছিলেন।
প্রথমদিনে ১০টি স্বর্ণ, পাঁচটি রুপা ও তিনটি ব্রোঞ্জসহ ১৮টি পদক জিতে তালিকার শীর্ষে রয়েছে বিকেএসপি। বাংলাদেশ আনসার ও ভিডিপি একটি স্বর্ণ, পাঁচটি রুপা ও একটি ব্রোঞ্জসহ সাতটি পদক নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। আর একটি স্বর্ণ ও একটি ব্রোঞ্জসহ দুটি পদক নিয়ে তৃতীয় স্থানে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থা।








