কাহালুর মাহমুদা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনুর আকতারের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ উঠেছে। এতে অভিভাবকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে ১০ জন শিক্ষার্থী ইউএনও’র কাছে লিখিত অভিযোগ করেছে। অভিযোগের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন। প্রধান শিক্ষক শাহিনুর আকতার বলেন, তিনি এ বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার মান উন্নয়নের চেষ্টা করছেন। পাঠদান থেকে শুরু করে সব ক্ষেত্রে সরকারি নিয়মনীতি অনুসরণ করে বিদ্যালয়টি পরিচালনা করে আসছেন। পড়াশোনার ব্যাপারে গত সোমবার পঞ্চম শ্রেণির কয়েকজন শিক্ষার্থীকে হালকাভাবে শাসন করেছেন। ইউএনও মলিহা খানম জানান, তদন্ত কমিটির রিপোর্টে দোষী সাব্যস্ত হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।