জনপ্রিয় বলিউড থ্রিলার ফ্র্যাঞ্চাইজি ‘কাহানি’-র নতুন কিস্তি নিয়ে ফিরছেন পরিচালক সুজয় ঘোষ। তবে এবার ছবিটির প্রধান চরিত্রে দেখা যাবে না বিদ্যা বালানকে। তার পরিবর্তে ‘কাহানি থ্রি’-এর মূল ভূমিকায় অভিনয় করবেন ইয়ামি গৌতম।জানা গেছে, নতুন সিনেমাটি প্রথম দুটি কিস্তির গল্পের সরাসরি ধারাবাহিকতা বহন করবে না। বরং ‘কাহানি’ ফ্র্যাঞ্চাইজির রহস্যঘন আবহ ও থ্রিলারধর্মী স্বাদ বজায় রেখে সম্পূর্ণ নতুন একটি গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবিটি।চলচ্চিত্র-সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, ‘কাহানি থ্রি’র চিত্রনাট্যে ইয়ামি গৌতমের চরিত্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শক্তিশালী। বর্তমানে ছবিটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে। শিগগিরই শুটিংয়ের সময়সূচি চূড়ান্ত করা হবে।নির্মাতা সুজয় ঘোষ তার টিমের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছেন, যাতে নতুন গল্প হলেও ‘কাহানি’ সিরিজের স্বকীয়তা ও রহস্যময় আবহ অক্ষুণ্ণ থাকে। এ প্রকল্পে ইয়ামি গৌতমের যুক্ত হওয়ায় নির্মাতাদের পাশাপাশি দর্শকদের মধ্যেও আগ্রহ তৈরি হয়েছে।

উল্লেখ্য, ২০১২ সালে মুক্তি পাওয়া ‘কাহানি’ সিনেমায় বিদ্যা বালান একজন অন্তঃসত্ত্বা নারীর চরিত্রে অভিনয় করেছিলেন, যিনি কলকাতায় এসে নিখোঁজ স্বামীর খোঁজে রহস্যময় অভিযানে নামেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হওয়ার পাশাপাশি সমালোচকদেরও ব্যাপক প্রশংসা কুড়ায়। পরে ২০১৬ সালে মুক্তি পায় এর দ্বিতীয় কিস্তি ‘কাহানি টু: দুর্গা রানী সিং’।