গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ ভোজ বা ‘ফিস্টে’ শিক্ষার্থীদের অত্যন্ত নিম্নমানের খাবার পরিবেশনের অভিযোগ উঠেছে। পরিবেশিত ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি এবং পচা ডিম দেওয়ার ঘটনায় পাঁচটি আবাসিক হলের শিক্ষার্থীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ক্ষুব্ধ শিক্ষার্থীরা জানান, তিতুমীর হল, বিজয় দিবস হল, স্বাধীনতা দিবস হল, বনলতা হল ও অপরাজিতা হলে বুধবার এই খাবার পরিবেশন করা হয়। বিশেষ দিবস উপলক্ষে উন্নত মানের খাবারের প্রত্যাশা থাকলেও বাস্তবে পরিবেশিত খাবারের মান ছিল অত্যন্ত নিম্নমানের। পচা ও অস্বাস্থ্যকর হওয়ায় অনেকেই খাবার না খেয়ে ফেলে দিতে বাধ্য হন।তিতুমীর হলের আবাসিক শিক্ষার্থী রাকিউল আলম রানা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বিশেষ দিবসের নামে আমাদের যা খাওয়ানো হয়েছে তা মুখে নেওয়ার মতো নয়। ডিমের একটি বড় অংশ ছিল পচা এবং ডালের মধ্যে মুরগির নাড়িভুঁড়ি পাওয়া গেছে। উৎসবের দিনে শিক্ষার্থীদের সঙ্গে এমন তামাশা মেনে নেওয়া যায় না। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুস সাদাত বলেন, ‘হলের খাবারের মান নিয়ে অভিযোগের বিষয়টি নজরে এসেছে। এটি অত্যন্ত গর্হিত কাজ। এ ঘটনায় দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। যারা এই অব্যবস্থাপনার সঙ্গে জড়িত, তাদের সবাইকে জবাবদিহির আওতায় আনা হবে।’বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসের পর শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে সব আবাসিক হলে মানসম্মত খাবার নিশ্চিত করার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
রাজনীতি
জুলাই দিবসের ভোজে পচা ডিম-নাড়িভুঁড়ি

শেয়ার করুন







