শিক্ষার্থীদের বিদেশে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার নাবিল ইউসুফ রাফির তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (৫ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।
এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে তিনি উল্লেখ করেন, রাফিকে জিজ্ঞাসাবাদ করলে প্রতারণা চক্রের কার্যক্রম, অর্থ আত্মসাতের কৌশল, চক্রের অন্যান্য সদস্য, ভুক্তভোগীর প্রকৃত সংখ্যা এবং আত্মসাৎ করা অর্থের অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।
এছাড়া একই কৌশলে আরও অনেককে প্রতারণার মাধ্যমে ক্ষতিগ্রস্ত করা হয়েছে কি না, তা তদন্ত করে দেখার প্রয়োজন রয়েছে। তাই মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আসামিকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। তবে শুনানি শেষে আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবীরা রিমান্ড আবেদন নাকচ করে জামিনের আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করলে উভয়পক্ষের শুনানি শেষে আদালত সাতদিনের পরিবর্তে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার নথি অনুযায়ী, গত ৪ আগস্ট রাজধানীর ফার্মগেটের পূর্ব রাজাবাজার এলাকা থেকে নাবিল ইউসুফ রাফিকে গ্রেফতার করে পুলিশ। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাতভাইয়াপাড়া এলাকার বাসিন্দা।
মামলার অভিযোগে বলা হয়, ‘ভিসাগাইড’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে স্টুডেন্ট ভিসায় বিদেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে বাদী যারীন তাসনীমসহ অন্তত ৩৬ জনের কাছ থেকে প্রায় ৩ কোটি ১০ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়। টাকা নেওয়ার পর ভুক্তভোগীদের চেক ও রসিদ দেওয়া হলেও নির্ধারিত সময়ে কাউকে বিদেশে পাঠানো হয়নি। এমনকি তাদের অর্থও ফেরত দেওয়া হয়নি।
অভিযোগে আরও বলা হয়, গত ৫ জুলাই ভুক্তভোগীরা প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে দেখেন, প্রতিষ্ঠানটি আগের ঠিকানা ছেড়ে অন্যত্র সরে গেছে। এরপর প্রতারণার অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এমডিএএ/এমএএইচ/








