বলিউডে সৌন্দর্যের সংজ্ঞা অনেকবার বদলেছে। কখনও নিখুঁত ত্বক, কখনো জিরো ফিগার, আবার কখনো কৃত্রিম গ্ল্যামারই ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। কিন্তু এই ভিড়েও অভিনেত্রী কাজল নিজের আলাদা পরিচয় ধরে রেখেছেন। ৫১ বছর বয়সেও তার উজ্জ্বল হাসি, প্রাণবন্ত ব্যক্তিত্ব এবং স্বাভাবিক সৌন্দর্য আজও ভক্তদের মুগ্ধ করে।
কাজলের সৌন্দর্যের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো-তিনি নিজেকে অন্য কারও সঙ্গে তুলনা করেন না। বয়সকে লুকানোর চেষ্টার বদলে তিনি সেটিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করেছেন। এই আত্মবিশ্বাসই তাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।
কম প্রসাধনী, বেশি আত্মবিশ্বাস
কাজল বরাবরই ভারী মেকআপের চেয়ে স্বাভাবিক লুককে প্রাধান্য দেন। ব্যক্তিগত জীবনে তাকে প্রায়ই খুব সাধারণ সাজে দেখা যায়। তার মতে, সৌন্দর্য শুধু প্রসাধনীর ওপর নির্ভর করে না; বরং সুস্থ ত্বক, ইতিবাচক মানসিকতা এবং হাসিখুশি থাকাই একজন মানুষকে সত্যিকারের সুন্দর করে তোলে।
ত্বকের যত্নে সহজ তিন অভ্যাস
ত্বকের যত্নে জটিল কোনো রুটিনে বিশ্বাস করেন না কাজল। বরং নিয়মিত কয়েকটি সাধারণ অভ্যাস মেনে চলেন।
- প্রতিদিন ত্বক ভালোভাবে পরিষ্কার রাখেন।
- বাইরে বের হওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করেন এবং ত্বক আর্দ্র রাখতে ময়েশ্চারাইজার লাগান।
- পর্যাপ্ত পানি পান করেন এবং শরীরের প্রয়োজন অনুযায়ী ঘুম নিশ্চিত করেন।
ত্বকের বিশেষজ্ঞরাও মনে করেন, নিয়মিত এই অভ্যাসগুলো দীর্ঘমেয়াদে ত্বককে সুস্থ ও সতেজ রাখতে সাহায্য করে।
ফিটনেসে নেই বাড়াবাড়ি
অনেক তারকার মতো কঠোর ব্যায়ামের বদলে কাজল বেছে নিয়েছেন বাস্তবসম্মত একটি রুটিন। প্রতিদিন হাঁটা, স্ট্রেচিং, হালকা শক্তিবর্ধক ব্যায়াম এবং শরীরের সক্ষমতা অনুযায়ী অনুশীলন তার দৈনন্দিন জীবনের অংশ।
এর পাশাপাশি সুষম খাদ্যাভ্যাসও তিনি গুরুত্ব দেন। অতিরিক্ত ডায়েটিং নয়, বরং শরীরের প্রয়োজন অনুযায়ী পুষ্টিকর খাবার খাওয়াতেই তিনি বিশ্বাসী।
ব্যস্ত থাকাও সৌন্দর্যের অংশ
কাজল বহু সাক্ষাৎকারেই বলেছেন, নিজের কাজ ভালোবাসা এবং সবসময় নতুন কিছু শেখার আগ্রহ মানুষকে ভেতর থেকে উজ্জ্বল রাখে। মানসিক চাপ কমিয়ে প্রিয় কাজের মধ্যে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেন তিনি। এই ইতিবাচক মানসিকতাই তার ব্যক্তিত্বে আলাদা প্রাণ এনে দেয়।
বয়স নয়, অভ্যাসই আসল
কাজলের জীবনযাপন থেকে একটি বিষয় স্পষ্ট-সতেজ ও আকর্ষণীয় থাকার জন্য দামি প্রসাধনী বা জটিল বিউটি ট্রিটমেন্টই শেষ কথা নয়। নিয়মিত ত্বকের যত্ন, পর্যাপ্ত ঘুম, সুষম খাদ্য, শরীরচর্চা, পর্যাপ্ত পানি পান এবং নিজের প্রতি আত্মবিশ্বাস-এই কয়েকটি সহজ অভ্যাসই দীর্ঘদিন তারুণ্য ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
কাজলের মতো স্বাভাবিক সৌন্দর্যের মূল রহস্যও যেন এখানেই-নিজেকে বদলে ফেলার চেষ্টা নয়, বরং নিজের সেরা সংস্করণটিকে যত্নে ধরে রাখা।

জেএস/








