বলিউড অভিনেত্রী রানি মুখার্জি বরাবরই তার ব্যক্তিগত জীবনকে প্রচারের আড়ালে রাখতে পছন্দ করেন। বিশেষ করে একমাত্র মেয়ে আদিরার ক্ষেত্রে তিনি আরও বেশি সতর্ক। ছোটবেলা থেকেই মেয়েকে ক্যামেরার ঝলকানি ও সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার বাইরে রাখতে সচেষ্ট এই অভিনেত্রী। সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে তার এমনই এক কর্মকাণ্ড আবারও আলোচনায় এসেছে।
ভারতীয় গণমাধ্যমের একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মুম্বাই বিমানবন্দরে দেখা যায় রানি মুখার্জিকে। অভিনেত্রীকে দেখেই ছবি তুলতে ভিড় করেন পাপারাজ্জিরা। রানি সবার অনুরোধ রাখেন এবং হাসিমুখে ক্যামেরার সামনে পোজও দেন।
তবে গাড়ির দিকে এগিয়ে যাওয়ার সময় পরিস্থিতি বদলে যায়। তখনও কয়েকজন আলোকচিত্রী ছবি তুলছিলেন। এ সময় রানি তাদের একটি নির্দিষ্ট দিক থেকে ছবি তুলতে নিষেধ করেন, যাতে তার সঙ্গে থাকা মেয়ে আদিরা কোনোভাবেই ক্যামেরাবন্দি না হন।
এরপরও পুরোপুরি নিশ্চিন্ত হতে পারেননি রানি। তাই নিজেই পাপারাজ্জিদের কাছে গিয়ে তাদের ক্যামেরার ছবি দেখে নিশ্চিত হন, আদিরার কোনো ছবি তোলা হয়েছে কি না।
আরও পড়ুন
সোনম ওয়াংচুক ইস্যুতে মোদীকে কটাক্ষ? দীপিকার নামে ভাইরাল পোস্ট
প্রতিবেদন অনুযায়ী, ক্যামেরা দেখার সময় রানি আলোকচিত্রীদের জিজ্ঞেস করেন, ‘আদিরার কোনো ছবি ওঠেনি তো?’ জবাবে তারা অভিনেত্রীকে আশ্বস্ত করেন, তার মেয়ের কোনো ছবিই তোলা হয়নি।

এটি অবশ্য প্রথম ঘটনা নয়। অতীতেও বহুবার পাপারাজ্জিরা আদিরার ছবি তোলার চেষ্টা করেছেন। কিন্তু রানির অনুরোধের প্রতি সম্মান জানিয়ে তারা সেই ছবি প্রকাশ করেননি।
আরও পড়ুন
‘থ্রি ইডিয়টস’র অনুপ্রেরণা সোনমের অনশন ঘিরে তোলপাড় ভারতে
তবে কয়েক বছর আগে ভুলবশত আদিরার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। এরপর থেকেই মেয়ের গোপনীয়তা রক্ষার বিষয়ে আরও বেশি সতর্ক হয়ে ওঠেন রানি মুখার্জি।
২০১৪ সালে নির্মাতা আদিত্য চোপড়াকে বিয়ে করেন রানি মুখার্জি। ২০১৫ সালে তাদের ঘর আলো করে জন্ম নেয় কন্যা আদিরা। এরপর থেকে মেয়েকে সবসময় প্রচারের আলো থেকে দূরে রেখেছেন এই তারকা দম্পতি। এখনও পর্যন্ত আদিরার ব্যক্তিগত পরিসর রক্ষায় একই অবস্থানে রয়েছেন রানি, যার আরেকটি প্রমাণ মিলল মুম্বাই বিমানবন্দরের সাম্প্রতিক ঘটনাতেই।
এমএমএফ/এএসএম








