দেড় বছর আগে সংগীত পরিচালক-শিল্পী শুভেন্দু দাশ শুভ ও সানজিদা মাহমুদ নন্দিতা মিলে শুরু করেন মোজি অ্যান্ড কোং নামের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল। সেখানে নিয়মিত বিভিন্ন ভাষার জনপ্রিয় পুরোনো গান কভার করে প্রকাশ করছেন তাঁরা। সেই ধারাবাহিকতায় গত এপ্রিলে এ আর রাহমানের সংগীতায়োজনে ‘স্বদেশ’ সিনেমার ‘সাওয়ারিয়া’ গানটি কভার করেন শুভ ও নন্দিতা। তাঁদের গাওয়া গানটি চোখে পড়েছে স্বয়ং এ আর রাহমানের।
গতকাল শুভ ও নন্দিতার গাওয়া ‘সাওয়ারিয়া’ গানের ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্টোরিতে শেয়ার করেন এ আর রাহমান। বিষয়টি চোখে পড়তেই আবেগে আপ্লুত হয়ে পড়েন শুভ। তিনি জানালেন, এটি তাঁর জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত।
শুভ বলেন, ‘ছোটবেলা থেকে এ আর রাহমানের গান শুনে আসছি। যাঁর কাজ অনুপ্রেরণা হিসেবে ধারণ করে আসছি, তিনি আমাদের গান দেখেছেন এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন—এটা দারুণ এক অনুভূতি। সকালে ঘুম থেকে উঠে মোবাইল স্ক্রল করতে গিয়ে চমকে গেছি। দেখলাম এ আর রাহমানের স্টোরিতে আমাদের গান! বুঝে উঠতে পারছিলাম না কী করব! নন্দিতাকে জানানোর পর সে-ও শকড হয়ে গিয়েছিল। আসলে এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো না।’
সাওয়ারিয়া গানটি কভার করা প্রসঙ্গে শুভ বলেন, ‘এ আর রাহমান স্যারের তৈরি সাওয়ারিয়া আমার অনেক পছন্দের একটি গান। কলেজজীবন থেকে শুনে আসছি। এক বৃষ্টির দিনে হুট করেই গানটি কভার করেছিলাম আমরা। কোনো পরিকল্পনা ছাড়াই গেয়ে পোস্ট করেছিলাম। অনেকেই প্রশংসা করেছিলেন। এবার সেই গানটি শেয়ার করলেন এ আর রাহমান স্যার।’
এক সাক্ষাৎকারে এ আর রাহমান জানিয়েছিলেন, সোশ্যাল মিডিয়ায় তিনি নতুন প্রতিভার সন্ধান করেন। কারও গাওয়া গান পছন্দ হলে তাঁর সঙ্গে যোগাযোগ করেন। তাহলে কি শুভ ও নন্দিতার জন্য নতুন দুয়ার খুলতে যাচ্ছে! এখনই এমন কিছু ভাবছেন না শুভ। তবে আরও ভালো কিছু করার তাগিদ তৈরি হয়েছে তাঁর মধ্যে। শুভ বলেন, ‘এত বড় মিউজিশিয়ানের কাছ থেকে যখন স্বীকৃতি পাওয়া যায়, তখন আত্মবিশ্বাস বেড়ে যায়। আরও ভালো কাজ করার তাগিদ তৈরি হয়।’
কোক স্টুডিও বাংলার প্রথম সিজনে কাজী নজরুল ইসলামের ‘বুলবুলি’ দিয়ে আলোচনায় চলে আসেন সানজিদা মাহমুদ নন্দিতা। সংগীত আয়োজন করেছিলেন শুভেন্দু দাশ শুভ। এই জুটির ‘আড়ালে দুয়ারে মোর’ গানটিও হয়েছে প্রশংসিত। তবে তাঁদের পরিচয় ও কাজের সম্পর্ক আরও আগে থেকে।
শুভ বলেন, ‘নন্দিতার সঙ্গে অনেক আগে থেকে পরিচয়। কোক স্টুডিও বাংলাতে দুটি গান হয়েছে আমাদের। আমরা প্রায় সময়ই পুরোনো দিনের কালজয়ী গানগুলো গাই। পুরোনো দিনের গান কভারের পরিকল্পনা থেকে দেড় বছর আগে মোজি অ্যান্ড কোং-এর শুরু। ফেসবুক পেজের পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলও আছে। এখন আমরা মৌলিক গান নিয়ে কাজ করছি। আশা করছি, শিগগির প্রকাশ করতে পারব।’








