গতকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় যুক্তরাষ্ট্রের কানসাস সিটিতে বিশ্বকাপ ফুটবলে নিজেদের প্রথম খেলায় মাঠে নামে আর্জেন্টিনা। লিওনেল মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩–০ গোলে হারিয়ে দুর্দান্ত সূচনা করে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নরা। মেসির জাদুকরি পারফরম্যান্সে মুগ্ধ শুধু আর্জেন্টিনা সমর্থকেরাই নন, প্রতিপক্ষ দলের সমর্থকেরাও। বাংলাদেশের শোবিজ অঙ্গনের তারকারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন নিজেদের মতো করে।

মেসি ও তাঁর সতীর্থদের অসাধারণ পারফরম্যান্স সরাসরি স্টেডিয়ামে বসে উপভোগ করেছেন বাংলাদেশের অভিনেত্রী ও নৃত্যশিল্পী নাদিয়া আহমেদ এবং তাঁর স্বামী অভিনেতা এফ এস নাঈম। ম্যাচ শেষে নিজের সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি ও ভিডিও প্রকাশ করেন নাদিয়া। অভিনেত্রী জানান, ২০২২ সালে কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনার খেলা দেখতে চেয়েছিলেন। কিন্তু সেবার নানা ব্যস্ততায় যেতে পারেননি তাঁরা। তাই যখন জানতে পারলেন ২০২৬ বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে হবে, তখনই সিদ্ধান্ত নেন খেলা দেখতে যাবেন। নাঈম জার্মানির সাপোর্টার হলেও মাঠে বসে মেসির খেলা দেখার সুযোগ হাতছাড়া করতে চাননি।

স্টেডিয়ামে যেতে না পারলেও টিভি স্ক্রিনে প্রিয় দলের খেলা দেখে সোশ্যাল মিডিয়ায় মুগ্ধতার কথা জানিয়েছেন অনেক তারকা। আর্জেন্টিনার জার্সি গায়ে নিজের ছবি প্রকাশ করে অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘জয়ে রাঙানো এক চমৎকার সকাল, সবাইকে শুভ সকাল!’

চঞ্চল চৌধুরী লেখেন, ‘নতুন জার্সি এখনও সংগ্রহ করতে পারি নাই। পুরনো মানুষ, পুরনো জার্সি, পুরনো সাপোর্টার। সমস‍্যা নাই, পুরান চাল নাকি ভাতে বাড়ে! কথাটা যে সত‍্য, তা তো আবার প্রমাণ হইলো।’

আর্জেন্টিনার জয়কে ঘিরে মজার ছলে প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি লিখেছেন, ‘ওকে, ঠিক আছে।’

অভিনেতা ইরফান সাজ্জাদের পোস্টেও ছিল রসিকতার ছোঁয়া। তিনি লেখেন, ‘বুঝলাম না, মেসি পেনাল্টি থেকে পরপর তিনটা গোল দিয়ে দিল। আর তোমাদের কোনো আওয়াজ নাই! রাগ করলা নাকি?’

তমা মির্জা লিখেছেন, ‘শুভ সকাল! চিরচেনা মেসি। আজকে আর কোনো কথা হবে না।’

সালহা খানম নাদিয়া তাঁর মেয়ে সানাকে নিয়ে ম্যাচ দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি লিখেছেন, ‘সানার জীবনের প্রথম দেখা আর্জেন্টিনার ম্যাচ। সেই ম্যাচেই আর্জেন্টিনার জয়, মেসির হ্যাটট্রিক। বিশ্বকাপ যাত্রার শুরুটা এর চেয়ে সুন্দর আর কী হতে পারে?’

ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, ‘বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার রাজকীয় শুরু!’

মেসির একটি ছবি শেয়ার করে তানিয়া বৃষ্টি লিখেছেন, ‘চ্যাম্পিয়নদের মতো মানসিকতা! অভিনন্দন টিম আর্জেন্টিনা।’

চিত্রলেখা গুহর ভাষায়, ‘ফুটবলের সমার্থক শব্দ লিওনেল মেসি। তুমি বিস্ময়।’

কেয়া পায়েল লিখেছেন, ‘তিনটি গোল। একজন সর্বকালের সেরা। সম্পূর্ণ আধিপত্য! এই মানুষটি যখন নিজের সেরা ছন্দে থাকে, তখন তাঁকে থামানোর কোনো উপায় থাকে না।’

চিত্রনায়িকা পরীমণি প্রতি বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি পরে উচ্ছ্বাস প্রকাশ করলেও এবার আর্জেন্টিনার জার্সি পরা তাঁর ছেলের ছবি শেয়ার করে লেখেন, ‘আমার ছোট্ট মেসি।’

ব্রাজিল সমর্থক হলেও চিত্রনায়িকা বুবলী মেসির খেলায় মুগ্ধতা লুকাতে পারেননি। ফেসবুকে তিনি লেখেন, ‘এই লোকটা কীভাবে এত দারুণ খেলে? লিওনেল মেসি আসল জাদুকর। দল যার যার, কিন্তু মেসি সবার!’

আর্জেন্টিনা এবং মেসিকে আরও অভিনন্দন জানিয়েছেন অভিনেতা আব্দুন নূর সজল, খায়রুল বাসার, জায়েদ খান, তৌসিফ মাহবুব, সোহেল মণ্ডল, অভিনেত্রী বর্ষা, মন্দিরা চক্রবর্তীসহ অনেকে।