ফুটবল খেলা শেষে গোসলে নেমে কক্সবাজার সমুদ্রসৈকতের পানিতে ডুবে নিহত হলেন এইচএসসি পরীক্ষার্থী স্থানীয় এক যুবক।
শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে সৈকতের সুগন্ধা পয়েন্টে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা প্রশাসনের বিচ কর্মীদের সুপারভাইজার মাহবুবুর রহমান মাবু।
নিহতের নাম ইয়াসিন আরাফাত (২০)। তিনি চট্টগ্রামের সাতকানিয়ার পশ্চিম ঢেমশা ইউনিয়নের বাসিন্দা আলী হোসেনের ছেলে।
আরও পড়ুন
সৈকতে প্যারাসেইলিং করতে গিয়ে ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু
তবে তার পরিবার ব্যবসার জন্য কক্সবাজার পৌরসভা ৪ নম্বর ওয়ার্ডের পেশকার পাড়ায় ভাড়া থাকতেন। আরাফাত রামু সরকারি কলেজ থেকে চলতি বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন। দুইভাই ও এক বোনের মধ্যে আরাফাত সবার বড় ছিল।
পর্যটক নিরাপত্তায় সৈকতে দায়িত্বপালন করা সী-সেফ লাইফগার্ডের সিনিয়র কর্মী মুহম্মদ ওসমান বলেন, শুক্রবার সকালে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে সৈকতে আসে ইয়াছিন আরাফাত। ফুটবল খেলা শেষে এক পর্যায়ে সাগরে গোসলে নামে তারা। কিছুসময় সাঁতার কাটার পর অকস্মাৎ পানিতে ডুবে যেতে থাকেন আরাফাত। দৃশ্যটি দেখতে পেয়ে দায়িত্বরত লাইফগার্ড ও বিচ কর্মীরা দ্রুত অভিযান চালিয়ে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে ইয়াসিন আরাফাতকে মৃত ঘোষণা করেন।
আরাফাতের মামা মাহমুদুল হাসান বলেন, বন্ধুদের সঙ্গে বিচে খেলতে গিয়ে গোসল করতে নেমে এ ঘটনা ঘটেছে। আরাফাত সমাপ্ত হতে চলা এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন। আইনি প্রক্রিয়া শেষে তার মরদেহ সাতকানিয়া পশ্চিম ঢেমুশিয়ায় নিজ গ্রামে নেওয়া হয়েছে। তার পরিবার ব্যাবসায়িক কারণে কক্সবাজারে অবস্থান করতো। সেখানেই আরাফাতদের বেড়ে উঠা।
সায়ীদ আলমগীর/এসজেডএইচ/জেআইএম








