কক্সবাজার শহরের একটি বারে মদ্যপান ও বাকবিতণ্ডার জেরে ভাঙা বোতলের আঘাতে রাশেদ নামে এক যুবক নিহত হয়েছেন। এই ঘটনায় জড়িত থাকার দায়ে সোলাইমান ওরফে সালমান নামের একজনকে আটক করেছে পুলিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় তারও মৃত্যু হয়। এর আগে লোকজন তাকে মারধর করে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মধ্যরাত ২টার দিকে শহরের ঝাউতলা এলাকার হোটেল রেনেসাঁর বারে ঘটনাটি ঘটে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাতে হোটেল রেনেসাঁর বারে কয়েকজন যুবক একত্রিত হন। পরে হোটেলের বাইরে এসে রাশেদের ওপর ভাঙা বোতল দিয়ে হামলা চালিয়ে ঘাতকরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় রাশেদকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে রাশেদের বন্ধু ও স্বজনরা ঘটনায় জড়িত সোলাইমান ওরফে সালমানকে আটক করে মারধর করে তাকে পুলিশে সোপর্দ করেন।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) অহিদুর রহমান জানান, বারের ভেতর ৪-৫ জন যুবকের মধ্যে কাটাকাটি হয়। একপর্যায়ে ফোন করে আরো দুজনকে ডেকে এনে রাশেদকে আঘাত করে হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শুরুতে শহরের ২ নম্বর ওয়ার্ডের আরেক যুবক আনসারের সাথে রাশেদের বাকবিতণ্ডা হয়। পরে আনসার ফোন করে পিটিআই স্কুল এলাকার রাদি ও সালমানকে ডেকে আনেন। তারা এসে রাশেদের ওপর হামলা চালিয়ে তাকে হত্যা করেন।

অতিরিক্ত পুলিশ সুপার অহিদুর রহমান বলেন, ‍“নিহত রাশেদের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আটক সোলাইমান ওরফে সালমানকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানতে পারি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”