গাজীপুরের কালিয়াকৈরের সফিপুর রতনপুরে শ্রমিক অসন্তোষের কারণে করনী ফ্যাশনস লিমিটেডের গার্মেন্ট কারখানার একটি শাখা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার বন্ধের নোটিশ কারখানার মূল ফটকে টানানো হয়। এতে হাজার শ্রমিক কর্মহীনের আশঙ্কায় রয়েছেন।
পূর্ব ঘোষণা ছাড়াই বুধবার বিকাল থেকে শ্রমিকরা উৎপাদন কার্যক্রম থেকে বিরত থাকেন। বৃহস্পতিবার সকালেও কারখানা কর্তৃপক্ষ একাধিকবার অনুরোধ করলেও শ্রমিকরা কাজে যোগ দেননি। শনিবার কারখানা বন্ধ ঘোষণায় তারা চরম অনিশ্চয়তায় পড়েছেন। গত কয়েক মাসে কারখানাটিতে নানা দাবিতে বিক্ষোভ ও ভাঙচুর করেন শ্রমিকরা। কারখানাটির মানবসম্পদ ও কমপ্লায়েন্সের মহাব্যবস্থাপক আশিক ফেরদৌস শাহ বলেন, শ্রমিকরা বুধ ও বৃহস্পতিবার কাজে যোগ দেননি। বাধ্য হয়ে আইন অনুযায়ী কারখানা বন্ধ করতে হয়েছে। পরিবেশ ভালো হলে খোলার তারিখ জানানো হবে।
গাজীপুর শিল্প পুলিশ সুপার আমজাদ হোসেন বলেন, কালিয়াকৈরে শ্রমিক অসন্তোষের জেরে একটি কারখানা অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা জোরদারে পুলিশ মোতায়েন করা হয়েছে।








