চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্রকে ঐতিহাসিক স্থাপনা হিসেবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

শনিবার (৮ আগস্ট) কালুরঘাট বেতার কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

তথ্য প্রতিমন্ত্রী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত। মুক্তিযুদ্ধের সময় এ কেন্দ্র থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন।

তিনি বলেন, কেন্দ্রটির ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় যথাযথভাবে সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সাংবাদিকদের কল্যাণে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে তিনি বলেন, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চলতি বা আগামী অর্থবছরের মধ্যে এ বরাদ্দ বাড়ানো সম্ভব হবে বলে আশা করছি।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব, মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন প্রতিরোধে সরকারের উদ্যোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, নিউ মিডিয়ার মাধ্যমে একটি বড় প্রকল্প নেওয়া হয়েছে। অপতথ্য ও মিথ্যা তথ্যের বিস্তার রোধের পাশাপাশি জনগণকে সচেতন করতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যমে শিক্ষণীয় ও সচেতনতামূলক কনটেন্ট তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রকল্পের আওতায় সাংবাদিকদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদেরও প্রশিক্ষণের আওতায় আনা হবে।

মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন শনাক্তে বিভিন্ন টুলস ও সফটওয়্যার তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে ইয়াসের খান চৌধুরী বলেন, এসব ব্যবস্থার মাধ্যমে তথ্য যাচাই করে জনগণকে সঠিক তথ্য জানানো হবে।

বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনকে আধুনিকায়নের বিষয়েও কথা বলেন তথ্য প্রতিমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশ বেতারের এফএম সম্প্রচার শক্তিশালী করতে প্রকল্প নেওয়া হয়েছে। পাশাপাশি বিটিভির আধুনিকায়নে ফরেনসিক অডিটের উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামী সপ্তাহে অথবা ১০ দিনের মধ্যে অডিট শুরু হতে পারে। অডিট প্রতিবেদনের ভিত্তিতে বিটিভির ডিজিটালাইজেশনসহ বিভিন্ন কার্যক্রম আরও আধুনিক করার পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, বিটিভির জনপ্রিয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি’কে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে এ অনুষ্ঠানের আবেদন গ্রহণের জন্য প্রচারণা শুরু হয়েছে।

পরিদর্শনকালে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, কালুরঘাট বেতার কেন্দ্রের পরিচালক শাহীন আক্তার, চট্টগ্রাম আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী এবং বাংলাদেশ বেতারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমআরএএইচ/এমএএইচ/