এবারের জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে গতকাল (৫ আগস্ট) অনুষ্ঠিত হয় ‘বর্ষা বিপ্লবের গান’ শীর্ষক জুলাই কনসার্ট। এতে পারফর্ম করেন পারসা, সেজান, কুড়েঘর, আর্বোভাইরাস, এভয়েড রাফা, আসিফ আকবর, শিরোনামহীন, আর্ক (হাসান) ও আর্টসেল।
কনসার্ট চলাকালে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। আর্ক ব্যান্ডের ভোকাল হাসান মঞ্চে গান পরিবেশন করার সময় তাকে লক্ষ্য করে একটি পানির বোতল ছুড়ে মারা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং সংগীত অঙ্গনের একাধিক ব্যক্তির ফেসবুক পোস্টে বিষয়টি উঠে এসেছে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, হাসান মঞ্চের সামনের দিকে এসে দর্শকদের উদ্দেশে গান গাইছিলেন। এ সময় দর্শকসারির দিক থেকে ছোড়া একটি পানির বোতল তার মুখে গিয়ে আঘাত করে। আঘাতের পর বোতলের পানি তার শরীর ও মঞ্চজুড়ে ছড়িয়ে পড়ে। তবে তিনি গান থামাননি এবং পারফরম্যান্স চালিয়ে যান। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন সুরকার ও গীতিকবি প্রিন্স মাহমুদ।
নিজের ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গতকাল মঞ্চে যখন শিল্পী হাসান ব্যান্ড নিয়ে গান করছিলেন, তখন তাকে বোতল ছুড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ‘ভুয়া, ভুয়া’ বলে চিৎকার করছিল। কারা? কী উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল?’
আরও পড়ুন
জায়েদ খানের সঙ্গে নেচে চমকে দিলেন আহমেদ শরীফ
অভিযুক্তদের চিহ্নিত করার আহ্বান জানিয়ে তিনি আরও লেখেন, ‘এদের প্রত্যেককে দাগযুক্ত করুন। মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা যেকোনো সফল ইভেন্ট বা অনুষ্ঠানের প্রধান শর্ত। এ দায়িত্ব কি আয়োজক ঠিকমতো পালন করেছেন?’
আরও পড়ুন
সেঞ্চুরির অপেক্ষায় ‘হাঁড়ি ফাটিবে’
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সংগীতপ্রেমীদের মধ্যেও ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকেই শিল্পীদের নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজকদের আরও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এমআই/এমএমএফ








