কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা দিলেন জনপ্রিয় পাঞ্জাবি গায়িকা জেসমিন স্যান্ডালাস। শনিবার (১১ জুলাই) নয়া দিল্লিতে আয়োজিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’-এর উদ্বোধনী মঞ্চে বাগদত্তাকে পরিচয় করিয়ে দেন ‘লাড্ডু’খ্যাত এই সংগীতশিল্পী। তার হবু বরের নাম শেখর চৌধুরী।
ইন্ডিয়া টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, প্লেব্যাক গায়িকা জেসমিন মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন। সম্প্রতি ভারতে ফিরেছেন। তার ভারত সফরের বহুল প্রতীক্ষিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’। এ কনসার্টের উদ্বোধনী অনুষ্ঠানে ভক্তদের চমকে দিয়ে নিজের বাগদানের ঘোষণা দেন জনপ্রিয় এই পাঞ্জাবি গায়িকা।
এসময়ের অনেক ভিডিও ক্লিপ এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তাতে দেখা যায়, শেখর চৌধুরীকে মঞ্চে ডাকছেন ৪০ বছর বয়সি জেসমিন। এরপর দর্শকদের সঙ্গে নিজের সুখবরটি ভাগ করে নেন। এ সময় গর্বের সঙ্গে নিজের বাগদানের আংটিও প্রদর্শন করেন। খবরটি জানার পর উপস্থিত দর্শকরা উচ্ছ্বাসে ফেটে পড়েন।
জেসমিন স্যান্ডালাস
এ মঞ্চে দর্শকদের উদ্দেশে জেসমিন বলেন, “এই মানুষটিই আমার জীবনসঙ্গী।” এরপর ‘লাভান’ গানের তালে হবু বরকে নিয়ে নাচেন জেসমিন।
দিল্লির এই লাইভ কনসার্টের মধ্য দিয়েই শুরু হয়েছে জেসমিনের ভারত সফর। অনুষ্ঠানে তার জনপ্রিয় পাঞ্জাবি গান—‘লাভান’, ‘সিপ সিপ’, ‘পাঞ্জেবা’ পরিবেশন করেন। পাশাপাশি ‘ধুরন্ধর’ সিনেমার ‘শারারাত’, ‘যাইয়ে সাজনা’ গানও গেয়ে শোনান জেসমিন। আর রাতের শেষ ভাগে ‘তারাস’, ইলিগ্যাল উইপন’, ইয়ার না মিলে’-এর মতো সুপারহিট গান পরিবেশন করেন এই শিল্পী।
শেখর চৌধুরী সাধারণত জনসম্মুখে খুব একটা আসেন না। তবে জেসমিন স্যান্ডলাসের ভক্তদের কাছে অপরিচিত নন তিনি। কারণ গায়িকার সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট, ভিডিও এবং বিভিন্ন কনসার্টে তাকে প্রায়ই দেখা গেছে। জানা যায়, শেখর জেসমিনের টিমেরই একজন সদস্য।
জেসমিন স্যান্ডালাস
২০১৪ সালে বলিউডের সংগীতজগতে পা রাখেন জেসমিন। পাশাপাশি পাঞ্জাবি গায়িকা হিসেবেও পায়ের তলার মাটি শক্ত করতে শুরু করেন। ২০১৭ সালে পাঞ্জাবি গায়ক গ্যারি সান্ধুর সঙ্গে জুটি বাঁধেন জেসমিন। ‘ইলিগ্যাল উইপন’, ‘সিপ সিপ’, ‘লাড্ডু’-এর মতো একাধিক জনপ্রিয় গান উপহার দেন জেসমিন-গ্যারি জুটি। তারপর ব্যক্তিগত জীবনেও এ গায়িকার মোড় ঘুরে যায়।
পেশাগত সূত্রে গ্যারির সঙ্গে আলাপ-পরিচয় হলেও গায়ককে ভালোবেসে ফেলেন জেসমিন। প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করেন তারা। শোনা যায়, ২০১৮ সালে গোপনে বাগদানও সেরেছিলেন। কিন্তু এ জুটির সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। ২০১৯ সালের মাঝামাঝি সময়ে জেসমিনের সঙ্গে গ্যারির দূরত্ব বাড়তে শুরু করে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিচ্ছিন্ন হয়ে যান। বিচ্ছেদের কারণ স্পষ্টভাবে না জানালেও গুঞ্জন শোনা যায়, জেসমিন অত্যন্ত স্বাধীনচেতা এবং স্পষ্টভাষী। তার এমন আচরণের কারণে দু’জনের মধ্যে মতের অমিল হতো। অবশ্য, পরে গ্যারি সোশ্যাল মিডিয়ায় এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, জেসমিনকে তিনি যথেষ্ট সময় দিতে পারেননি। সে কারণেই তাদের সম্পর্কে ভেঙে গেছে।
জেসমিন স্যান্ডালাস
বিচ্ছেদের পর অবসাদে ডুবে গিয়েছিলেন জেসমিন। তার প্রভাবও পড়েছিল জেসমিনের ক্যারিয়ারে। জানা যায়, বিচ্ছেদের পর জেসমিন জ্বালাময়ী গান লিখতে শুরু করেছিলেন। তার গানে প্রতিবাদের সুরও ভেসে উঠতে থাকে। চার বছরের সাময়িক বিরতির পর আবার বলিউডে ফিরেন গায়িকা। ২০২৪ সালে ‘মুঞ্জা’ সিনেমায় ‘তারাস’ গানটি গান। ‘উলাঝ’, ‘রেড টু’, ‘থাম্মা’, ‘ইক্কিস’ সিনেমার পাশাপাশি শাহরুখ খান পুত্র আরিয়ান খানের ‘ব্যাডস অব বলিউড’ সিরিজেও গান গেয়েছেন জেসমিন। ‘ধুরন্ধর’ সিনেমায় বাঙালি গায়িকা মধুবন্তী বাগচীর সঙ্গে ‘শারারাত’ গানটি গাওয়ার পাশাপাশি অভিনয়ও করেছেন এই অভিনেত্রী।








