ইবরার টিপুকে নিশ্চয়ই মনে আছে? বহু শ্রোতাপ্রিয় গানের সুরকার ও সংগীত পরিচালনা করেছেন তিনি। গেয়েছেনও অনেক গান। যতটা গেয়েছেন, তারচেয়ে বেশি গাইয়েছেন। শিল্পীরা তার সুরের গান গেয়ে ভালোবাসা পেয়েছেন। সেসবের ভাগ পেয়েছেন টিপুও। যেমন ‘তুমি আমার ঘুম’ কিংবা ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের বহুল জনপ্রিয় স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ গানগুলো তার!
টিপু পর্দার অন্তরালের মানুষ। তবে রাজপুত্রের মতো পরিপাটি ও গোছানো, তার গানগুলোর মতোই। সেই মানুষটি বেশ কিছুদিন ধরে লড়ছেন ক্যানসারের সঙ্গে। ফেসবুকের হঠাৎ তার একটি ভিডিও চমকে দিয়েছে অনেককে। যা উদ্বিগ্ন করেছেন তার শুভাকাঙ্ক্ষীদের। কেমন আছেন তিনি, জানা গেছে তার স্ত্রী সংগীতশিল্পী বিন্দু কণার মাধ্যমে।
তিন দশকের বেশি সময় ধরে দেশের সংগীতাঙ্গনে কাজ করে যাচ্ছেন ইবরার টিপু। তার ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিন্দু কণা জানান, দুই বছর আগে ইবরার টিপুর কিডনিতে ক্যানসার ধরা পড়ে। এরপর তাকে বড় ধরনের অস্ত্রোপচারের মধ্য দিয়ে যেতে হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসা-পরবর্তী প্রক্রিয়ায় মধ্যে আছেন। তবে তার শারীরিক অবস্থা সুস্থতার পথে।
বিন্দু কণা বলেন, ‘তার এখনো কথা বলতে কিছুটা সমস্যা হচ্ছে। ধীরে ধীরে সেরে উঠবে। সম্প্রতি একটি ভিডিও দেখার পর অনেকেই চিন্তিত হয়েছেন, ফোন করেছেন, জানতে চেয়েছেন কী হয়েছে। কিন্তু এই মুহূর্তে সবার সঙ্গে কথা বলা তার পক্ষে সম্ভব নয়। আরেকটু সুস্থ হলে টিপু সবার সঙ্গে যোগাযোগ করবে।’
টিপুর অসুস্থতা প্রসঙ্গে বিন্দু কণা বলেন, ‘আমরা আসলে বিষয়টি কাউকে জানাতে চাইনি। কিন্তু সম্প্রতি ফেসবুকে টিপুর এখনকার চেহারা দেখে অনেকেই বিভ্রান্ত হয়েছেন। তাই বিষয়টি জানানো প্রয়োজন মনে করেছি। সবাই তার জন্য দোয়া করবেন।’
জানা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত থেরাপি নিচ্ছেন টিপু। পাশাপাশি মানসিক শক্তি ধরে রাখতে স্টুডিওতেও সময় কাটাচ্ছেন এবং নতুন নতুন গান তৈরির কাজে নিজেকে ব্যস্ত রাখছেন।
ইবরার টিপুর সুর ও সংগীতে দেশের একাধিক প্রজন্মের শিল্পী গান করেছেন। বিভিন্ন রিয়েলিটি শোর শিরোনাম সংগীত নির্মাণের পাশাপাশি ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপের বহুল আলোচিত স্বাগত সংগীত ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ তৈরি করে ব্যাপক প্রশংসা কুড়ান তিনি। সেই গান তার সংগীতজীবনে নতুন মাত্রা যোগ করেছিল।
পরিবার নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন ইবরার টিপু। সুস্থ হয়ে শিগগির সবার পরিচিত সেই প্রাণবন্ত ইবরার টিপু আবার ফিরবেন সবার মাঝে, প্রত্যাশা তার শুভাকাঙ্ক্ষীদের।
আরএমডি








