বিশ্বকাপে তিন ম্যাচের তিনটিতেই ড্র। মিশরের বিপক্ষে শেষ সময়ে গোল দিয়েও অফসাইডের কারণে বাতিল হয়ে যায় সেই গোলটি। বিশ্বকাপে ইরানের শেষটা হলো অত্যন্ত হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে।
যদিও তারা (ইরান) গ্রুপে তৃতীয় হয়েছে এবং এখনও বিশ্বকাপে নকআউট পর্বে খেলার সম্ভাবনা রয়েছে। তবুও আজ (শনিবার) সকালে মিশরের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে ইরান শেষ মুহূর্তের গোলে পরের পর্বের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়ে যায়।
ম্যাচের পর ইরানের হয়ে গোল করা ডিফেন্ডার রামিন রেজাইয়ান তাই কান্নায় ভেঙে পড়েন এবং ১-১ গোলে ড্র- এই ফলাফলের জন্য দেশের মানুষের কাছে ক্ষমা চান।
ইরান প্রায় জয় পেয়েই গিয়েছিল। শেষ মুহূর্তগুলোতে ইরানিরা প্রবল চাপ সৃষ্টি করে, দুবার গোলপোস্টে শট নেয়। তবে, সামান্য ব্যবধানের অফসাইডের কারণে শেষ গোলটি বাতিল হয়ে যায়।
ড্রয়ের ঘটনায় ইরানের ডিফেন্ডার রেজাইয়ান গভীর আক্ষেপ প্রকাশ করেন। এই ফলাফলের পর ইরান ৩ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপে তৃতীয় স্থান অধিকার করে এবং বর্তমানে সেরা ৮টি তৃতীয়-স্থান অর্জনকারী দলের একটি হিসেবে পরের রাউন্ডে ওঠার অপেক্ষায় রয়েছে। তবে, ইরানকে এখন ক্রোয়েশিয়া, ডিআর কঙ্গো এবং আলজেরিয়ার পরাজয়ের জন্য অপেক্ষা করতে হবে। কারণ, এই দলগুলো শনিবার খেলবে এবং যে কেউ ইরানের জায়গাটি দখল করে নিতে পারে।
মিশরের বিপক্ষে ইরানের ম্যাচের পর রেজাইয়ান বলেন, ‘কি আর বলব? আমাদের ভাগ্য একেবারেই সহায় ছিল না। এর ফলে দেশের মানুষ কষ্ট পাচ্ছে। আশা করি, তারা ভালো আছে। তারা এ বিষয়ে খুবই সংবেদনশীল। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি। আজ এখানে এত কঠোর লড়াই করতে গিয়ে আমাদের মৃত্যুও হতে পারত। আমরা তিন মাস ধরে লড়াই করছি। আমরা কারও কাছে কিছুই চাই না। আমাদের অনেক সম্মানবোধ আছে; কিন্তু শেষ পর্যন্ত তা কাজে এল না। আমাদের ফুটবল খেলাটা খুব ভালো ছিল। ইরানের জনগণ, আমরা ক্ষমা চাইছি। আমরা লজ্জিত, আমরা সবসময় আপনাদের জন্য সেরাটাই চেয়েছি।’
শেষ মুহূর্তের চাপের পাশাপাশি ইরান এই ম্যাচে একটি পেনাল্টিও মিস করে। খেলার শুরুর দিকে, যখন ইরান ১-০ ব্যবধানে পিছিয়ে ছিল, তখন মেহেদী তারেমির নেওয়া শট মিশর গোলরক্ষক শোবেইর আটকে দেন।
রেজাইয়ান আরও যোগ করেন, ‘আমি বলছি, সব খেলোয়াড়ই তাদের সর্বস্ব দিয়ে খেলেছে। আমাদেরই ম্যাচটি জেতা উচিত ছিল। গোলটি অফসাইড ছিল।’
ইরানের কোচ আমির গালেনোই-ও শেষ মুহূর্তে গোল বাতিল হওয়ার কারণে ড্র নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। কোচের মতে, মাত্র ৫ সেন্টিমিটারের অফসাইডের কারণে গোলটি বাতিল করা হলো। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি এই দলটিকে নিয়ে গর্বিত। এটি খুব ভালো একটি ম্যাচ ছিল। সবাই এটি উপভোগ করেছে। তবে জানি না, ভাগ্য হয়তো ক্ষণিকের জন্য আমাদের সহায় ছিল। জেতার অনেক সুযোগ আমরা পেয়েছিলাম; কিন্তু দুর্ভাগ্য আমাদের পিছু ছাড়েনি। বলা হচ্ছে, মাত্র ৫ সেন্টিমিটার অফসাইডের কারণে আমাদের গোলটি বাতিল করা হয়েছে। এ নিয়ে খুব বেশি কিছু বলার নেই। আমরা যা প্রাপ্য ছিল তা পাইনি। ব্যবধানটা ৫, ১০ কিংবা ৩০ সেন্টিমিটার যাই হোক না কেন, অফসাইড মানে অফসাইডই। শেষ পর্যন্ত আমাদের পক্ষে আর ফল এল না।’
এরপরেও, ইরানের কোচ তার দলের পরবর্তী পর্বে ওঠার বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করে বলেছেন, ‘একটি পূর্ণাঙ্গ দল হিসেবে আমি আমাদের দলের ওপর আস্থা রাখি। অন্য ম্যাচগুলোর ফলাফলের জন্য আমরা অপেক্ষা করব। তবে স্টেডিয়ামের ভেতরে ও বাইরে থাকা সকল ইরানিকে আমি ধন্যবাদ জানাই।’
আরআর/আইএইচএস/








