দ্রুতগতির একটি প্রাইভেটকারের ধাক্কায় কর্ণফুলী টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইন ও ডেকোরেটেড (শোভাবর্ধনকারী) দেওয়াল ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার টানেলের ভেতরে এ ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
কর্ণফুলী টানেলের টোল বক্সের ইনচার্জ কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক বলেন, দুর্ঘটনার পর গাড়িটি উদ্ধার করে টোল প্লাজায় নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।
জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকার আনোয়ারা প্রান্ত থেকে পতেঙ্গা প্রান্তের দিকে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত গতির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে টানেলের ডেকোরেটেড দেওয়ালে ধাক্কা দেয়। এতে দেওয়ালের প্রায় ১৫ ফুট এলাকা ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে টানেলের বিদ্যুৎ সরবরাহ লাইনও ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনার পর সাময়িকভাবে টানেলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। তাৎক্ষণিকভাবে সরবরাহ লাইন মেরামত করে টানেল কর্তৃপক্ষ।








