কসবায় উত্তরা ব্যাংকের গোপীনাথপুর শাখা প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলামের ওপর হামলা ও হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং খুনি আলীর ফাঁসির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার প্রেস ক্লাব চত্বরে ‘অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, ব্রাহ্মণবাড়িয়া (এবিবি)’র আয়োজনে এই কর্মসূচি হয়। এদিকে ঘটনার পর নিহত আরিফুল ইসলামের স্ত্রী তাসলিমা শারমিন বুধবার সকাল থেকে থানায় অবস্থান করলেও বিকাল পর্যন্ত মামলার কাজ সম্পূর্ণ করতে পারেননি। এসআই হারুন জানান, লিখিত অভিযোগে কিছু ত্রুটি থাকায় মামলাটি রেকর্ড করতে দেরি হচ্ছে। সমাবেশে বক্তারা বলেন, একজন কর্তব্যরত ব্যাংক কর্মকর্তার ওপর এমন বর্বরোচিত ও নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে খুনি আলীকে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসির দাবি জানান। একই সঙ্গে কর্মক্ষেত্রে ব্যাংকারদের সার্বিক নিরাপত্তা বিধানের জন্য তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত ব্যাংকিং সমাজ রাজপথে সোচ্চার থাকবে বলে হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।