ঢাকার কেরানীগঞ্জে স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসে এক গাড়িচালককে মারধর ও নির্যাতনের অভিযোগ উঠেছে। এই অভিযোগকে কেন্দ্র করে বিক্ষুব্ধ চালকদের হামলা, ভাঙচুর ও পুলিশের সঙ্গে সংঘর্ষে থানার ওসিসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার রাতে ঘাটারচর এলাকায় এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের গাড়িচালক শাহ আলম সোমবার সন্ধ্যায় একটি গাড়ি নিয়ে ঘাটারচর এলাকা থেকে বের হন। পথে সড়কের পাশে গাড়িটি রেখে তিনি নাস্তা করতে গেলে ফিরে এসে সেটি আর দেখতে পাননি। পরে তিনি প্রতিষ্ঠানের কার্যালয়ে গিয়ে জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে গাড়িটি শনাক্ত করার অনুরোধ করলে কয়েক কর্মকর্তা তার কথা বিশ্বাস না করে তাকে মারধর করেন।
শ্রমিকদের দাবি, একপর্যায়ে শাহ আলমের পায়ের নখ তুলে ফেলা হয়। তৃষ্ণার্ত অবস্থায় পানি চাইলে তাকে ব্যাটারির এসিড পান করানোরও চেষ্টা করা হয় বলে অভিযোগ করেন তারা। গুরুতর আহত অবস্থায় পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনার খবর ছড়িয়ে পড়লে শতাধিক চালক প্রতিষ্ঠানে হামলা চালিয়ে অর্ধশতাধিক গাড়ির কাচ ভাঙচুর করে। স্টেডফাস্ট কুরিয়ার সার্ভিসের এজিএম (প্রশাসন) কাজল সুপ্রিয় বলেন, আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি। কেউ অন্যায় করে থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার অনুরোধ করব।








