খাগড়াছড়ি সরকারি কলেজে শুক্রবার রাতে স্থাপিত ‘জুলাই স্মৃতিস্তম্ভে’ আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বৃষ্টি থাকায় এবং স্মৃতিস্তম্ভটি লোাহার তৈরি হওয়ায় আগুনে খুব একটা ক্ষতি হয়নি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শনিবার ভোররাতে সবুজবাগ থেকে জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি রনিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে আগুন দেওয়ার ভিডিও প্রচার করে। ভিডিওতে দেখা যায়, মাস্ক পরা এক যুবক স্মৃতিস্তম্ভে চারপাশে পেট্রোল জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে পরে আগুন ধরিয়ে দেয়। ঘটনাস্থলে প্লাস্টিকের বোতলও পাওয়া গেছে। খাগড়াছড়ি সরকারি কলেজের নৈশপ্রহরী সেনময় ত্রিপুরা জানান, রাত সাড়ে ৯টার দিকে দুজন যুবক ‘সাংগঠনিক কাজ আছে’ বলে কলেজে প্রবেশ করে। এর একটু পরে স্মৃতিস্তম্ভে আগুন জ্বলতে দেখা যায়।






