ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজা ও দাফন অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধি হিসাবে যোগ দিতে তেহরান যাচ্ছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্রের দাবি, স্পিকার আগামী ৩ জুলাই ঢাকা থেকে তেহরানের উদ্দেশে রওয়ানা হতে পারেন। তিনি ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের আমন্ত্রণে খামেনির জানাজায় অংশ নেবেন। জানা গেছে, আগামী ৪ থেকে ৯ জুলাই তেহরান, কোম, ইরাক ও মাশহাদে খামেনির জানাজা এবং দাফন-সংক্রান্ত বিভিন্ন আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হবে।
ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল : এদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা ও রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের উচ্চপর্যায়ের সংসদীয় প্রতিনিধিদল?। মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। আগামী ৩ জুলাই ঢাকা ত্যাগ করবে প্রতিনিধিরা। তারা আগামী ৯ জুলাই পর্যন্ত ইরান সফর করবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপির নেতৃত্বে প্রতিনিধিদলের অপর সদস্যরা হলেন, মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি ও ডা. এসএম খালিদুজ্জামান।








