খুলনার বটিয়াঘাটা উপজেলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামী মো. মুকুল গাজীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৫ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ জুলাই) খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৪র্থ আদালতের বিচারক মো. খুরশীদ আলম এ রায় ঘোষণা করেন। রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. শাহ আলম।
দণ্ডপ্রাপ্ত মুকুল গাজী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ১০ নম্বর সোরা গ্রামের বাসিন্দা রাজ্জাক গাজীর ছেলে।
আদালত সূত্র জানায়, ২০১৩ সালে মুকুল গাজীর সঙ্গে উপজেলার দারোগার ভিটার বাসিন্দা মো. বিল্লাল হোসেন মল্লিকের মেয়ে মোছা. হেনা বেগমের বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে একটি পুত্রসন্তান জন্ম নেয়। এরপর থেকে মুকুল প্রায়ই হেনাকে মারধর করতেন।
২০১৬ সালের ৮ সেপ্টেম্বর পারিবারিক বিষয় নিয়ে হেনাকে মারধর করে তার স্বামী। বিষয়টি তার ফুফুকে অবগত করার জন্য বাড়ি থেকে বের হয়ে আশিকের ভিটায় পৌঁছালে পেছন থেকে মুকুল গাজী তার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে বটিয়াঘাটা থানায় মামলা করেন। একই বছরের ৩১ অক্টোবর বটিয়াঘাটা থানার এসআই বোধন চন্দ্র বিশ্বাস মুকুল গাজীকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।








