কিশোরগঞ্জের কটিয়াদীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে শফিকুল ইসলাম ওরফে কালা মিয়া (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২৭ জুন) রাতে ৮ টায় উপজেলার লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ ঝিড়ারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার দুলা মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কৃষক ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, রাত আনুমানিক ৮টায় দক্ষিণ ঝিড়ারপাড় এলাকার বৈশাকুরা ঈদগাহ-সংলগ্ন সড়কের পাশের একটি ডোবায় রক্তাক্ত অবস্থায় শফিকুল ইসলামকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, ‘চাচাতো ভাই শফিকুল ইসলামের সঙ্গে কারও কোনো বিরোধ ছিল না। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে কোনো ধারণা নেই। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।’
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘হত্যার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। মরদেহ কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের দ্রুত আইনের আওতায় আনতে অভিযান চলছে।’
এসকে রাসেল/এফএ/জেআইএম








