কিশোরগঞ্জের হাওড়ে শিশুর লাশবাহী ইঞ্জিনচালিত নৌযানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের তিনটি মোবাইল, নগদ টাকাসহ নৌযানের সোলার প্যানেলের ব্যাটারি লুট করে। মঙ্গলবার রাতে করিমগঞ্জের সূতারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও স্লুইজ গেট এলাকায় ধনু নদীতে এ ঘটনা ঘটে। জানা যায়, মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের চমকপুর গ্রামের বাবু মিয়ার অসুস্থ কন্যা শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকালে মারা যায়। ওই শিশুর লাশ নিয়ে পরিবারের সদস্যরা করিমগঞ্জের বালিখলা ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে বাড়ি ফিরছিলেন। কিন্তু স্লুইজ গেট এলাকা অতিক্রমকালে অন্য একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত ট্রলারে ৬-৭ জনের একটি ডাকাতদল তাদের গতিরোধ করে। এসময় নৌ-যানে শিশুর লাশ থাকার কথা জানানোর পরও অস্ত্রের মুখে নগদ অর্থ, মোবাইল এমনকি সোলার প্যানেলের ব্যাটারি পর্যন্ত লুট করে তারা। নৌ-বন্দর পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি সোয়েব খান বলেন, নৌ পুলিশের সঙ্গে কথা বলে বিষয়টি খতিয়ে দেখা হবে।