দেশের ক্রীড়াঙ্গনে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রাখা ক্রীড়াবিদদের জন্য চালু থাকা ক্রীড়া কার্ডের সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৫০০ করা হবে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আরও ২০০ ক্রীড়া ব্যক্তিত্ব সরকারি ভাতার আওতায় আসবেন।

শনিবার (২৭ জুন) বিকেলে গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) একাডেমির মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ আনসার ও ভিডিপির কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ৩০০ জন ক্রীড়া কার্ডধারীকে ভাতা দেওয়া হচ্ছে। দেশের ক্রীড়াঙ্গনে যাদের অবদান রয়েছে, তাদের আরও বেশি সংখ্যককে এই সুবিধার আওতায় আনতে ক্রীড়া কার্ডের সংখ্যা ৫০০-তে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বাংলাদেশের ফুটবলের উন্নয়ন নিয়েও সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে আমিনুল হক বলেন, “দেশের ফুটবলকে এগিয়ে নিতে আমরা শূন্য থেকে কাজ শুরু করেছি। ধারাবাহিকভাবে এই কার্যক্রম চললে আগামী ১৫ থেকে ২০ বছরের মধ্যে বাংলাদেশও বিশ্ব ফুটবলে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হবে বলে আমরা আশাবাদী।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় দেশ-বিদেশের বিভিন্ন ক্রীড়া আসরে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনের স্বীকৃতিস্বরূপ বাহিনীর ২৩ জন সদস্যকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে ক্রীড়া প্রতিমন্ত্রী আনসার একাডেমির কেন্দ্রীয় খেলার মাঠে জাতীয় পুরুষ বেসবল চ্যাম্পিয়নশিপের সমাপনী অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেন।