দেশের বিভিন্ন প্রান্তের তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে জাতীয় আইডিয়া পিচিং প্রতিযোগিতা ‘ক্রিয়েভেঞ্চার ৪.০’-এর কোয়ার্টার ফাইনাল। প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩৩টি দলের মধ্য থেকে শেষ পর্যন্ত ২০টি দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এ আয়োজন করে ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ডিইউইডিসি)। আয়োজকদের তথ্য অনুযায়ী, দেশের ৬২টি জেলা থেকে ৩৪৮টি দল নিবন্ধন করেছিল। সেখান থেকে বাছাই করা ৩৩টি দল কোয়ার্টার ফাইনালে অংশ নেয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও ডিইউইডিসির মডারেটর অধ্যাপক ড. মোহাম্মদ তৌফিকুল ইসলাম বলেন, ‘ক্রিয়েভেঞ্চার’ তরুণদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব উদ্যোক্তা হওয়ার পথে এগিয়ে নেওয়ার একটি কার্যকর প্ল্যাটফর্ম। ভবিষ্যতে এ আয়োজন আন্তর্জাতিক পরিসরেও বিস্তৃত হবে।

ডিইউইডিসির সভাপতি সিফাত আল রশিদ বলেন, শুধু ভালো ধারণা থাকলেই হয় না, সেটি বাস্তবায়নের সক্ষমতাই একজন উদ্যোক্তার সাফল্য নির্ধারণ করে। প্রতিযোগিতার ফলাফলই শেষ কথা নয়, ধারাবাহিক চেষ্টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।