২০২৬ বিশ্বকাপ শুধু স্ট্রাইকারদের নয়, গোলকিপারদেরও। ফরোয়ার্ডদের পাশাপাশি জ্বলে ওঠেন গোলকিপাররাও। তাদের মধ্যে এক নম্বরে কেপ ভার্দের গোলকিপার ভোজিনিয়া। বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে নজর কেড়েছেন। তার দস্তানায় আটকে যায় স্পেন। আবার শেষ বত্রিশে আর্জেন্টিনাকে প্রায় আটকে দিয়েছিলেন। গোটা ম্যাচে মেসির একাধিক শট বাঁচান ভোজিনিয়া। নয়তো অতিরিক্ত সময় পর্যন্ত ম্যাচ গড়াত না। আর্জেন্টিনার কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর অভিষেকেই বিশ্বমঞ্চে ছাপ রাখতে পারার জন্য কৃতজ্ঞতা জানান ভোজিনিয়া। একই সঙ্গে জানান, এবার থেকে তাদের সঙ্গে সব কিছু ভালো হবে।

কেপ ভার্দে হেরেও জিতে নিয়েছে কোটি কোটি মানুষের হৃদয়। তাদের এই লড়াই বিশ্বকাপের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে। শেষ পর্যন্ত আর্জেন্টিনা ৩-২ গোলে জিতলেও মেসিদের ঘাম ছুটিয়ে দেয় কেপ ভার্দে। ম্যাচ শেষে ভোজিনিয়া জানান, তারা আর্জেন্টিনার সঙ্গে সমান টক্কর দিয়েছে। ম্যাচ জেতারও সুযোগ ছিল। এই জায়গায় পৌঁছতে যারা কেপ ভার্দের যাত্রায় শামিল হয়েছে, তাদের সবাইকে ধন্যবাদ জানান ভোজিনিয়া। জানান, বিশ্ব চ্যাম্পিয়নদের বিরুদ্ধে এমন লড়াইয়ের জন্য তৃপ্ত এবং গর্বিত। ভোজিনিয়া বলেন, ‘আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের সঙ্গে সমান টক্কর দিয়েছি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে গেছি। আমাদের ম্যাচ জেতার সুযোগ ছিল। আমরা নিজেদের পারফরম্যান্সে সন্তুষ্ট এবং গর্বিত। বিদায় নেওয়ায় অবশ্যই দুঃখিত। তবে পাশাপাশি সব কিছুর জন্য কৃতজ্ঞ। আমি সব সতীর্থ, ফেডারেশন এবং ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। যারা আমাদের সমর্থনে এখানে ছুটে এসেছিল।’ এমন পারফরম্যান্সের পর আশাবাদী কেপ ভার্দের গোলকিপার। তিনি মনে করছেন, এবার তাদের জন্য বিশ্বের দরজা খুলে যাবে।

পরবর্তী প্রজহৃ বিশ্বের সেরা লিগগুলোতে খেলার সুযোগ পাবে। ভোজিনিয়া বলেন, ‘এবার ভবিষ্যতের দিকে তাকানোর সময়। আশা করছি, এরপর থেকে সব ভালো জিনিস হবে। আমাদের দলটা দারুণ। প্লেয়ারদের মান ভালো। হয়তো ভবিষ্যতে এদের আমরা বিশ্বের সেরা লিগগুলোতে খেলতে দেখব।’ ৪০ বছর বয়সে গোলের নিচে যে অনবদ্য পারফরম্যান্স দেখিয়েছেন কেপ ভার্দের গোলকিপার, বিশ্বকাপের ইতিহাসে সেই স্মৃতি চিরকাল অমর হয়ে থাকবে।

‘আর্জেন্টিনার জন্য কিছুই সহজ নয়’

কেপ ভার্দের বিপক্ষে দলের খেলায় খুশি নন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। বিশ্বজয়ী কোচের মুখে ফুটে উঠেছে হতাশাও। বিশ্বকাপের নকআউট পর্বের ক্ষুদ্রতম দেশের বিপক্ষে কাল ভোরে শেষ বত্রিশের লড়াইয়ে অতিরিক্ত সময় পর্যন্ত লড়াই করতে হয়েছে বিশ্বচ্যাম্পিয়নদের। ৩-২ ব্যবধানে জয়ের পর নিন্দুকদের একহাত নিয়ে স্কালোনি বলেছেন, ‘অনেকে বলেছিলেন, আমাদের নাকি সহজ সূচি পড়েছে। এই ফল তাদের উত্তর। এই ম্যাচ জিতে আমরা পরের রাউন্ডে যাব, এটা প্রত্যাশিত ছিল। আমাদের ভীষণ কঠিন এক ম্যাচ খেলে পরের পর্বে যেতে হচ্ছে। আমাদের ফুটবলাররা একদম বিধ্বস্ত। আমাদের যে উন্নতির অনেক সুযোগ রয়েছে, তা বুঝিয়ে দিয়েছে এই ম্যাচ। এটাও বলব, ফুটবলাররা অত্যন্ত দৃঢ়তার পরিচয় দিয়েছে।’ কেপ ভার্দের বিপক্ষে খেলেই বিশ্বজয়ীরা বিধ্বস্ত! স্কালোনি বলেছেন, ‘১২০ মিনিটের বেশি খেলতে হয়েছে। আবহাওয়াও একটা ব্যাপার। অনেকের পেশিতে টান ধরছিল। সবাই খুব ক্লান্ত। তবে ওরা হৃদয় দিয়ে খেললে সবকিছু জয় করতে পারে। এই ম্যাচ আমাদের দলের চরিত্রের পরিচয়।’

প্রতিপক্ষ কেপ ভার্দের লড়াইয়ের প্রশংসা শোনা গেছে আর্জেন্টিনা কোচের মুখে, ‘আমি চাইছিলাম, ম্যাচটা যত দ্রুত সম্ভব শেষ হোক। ওরা অসাধারণ একটা গোল করেছে। এজন্যই আমি সব সময় সতর্ক থাকার কথা বলি। আমি খুব শান্ত থাকার চেষ্টা করেছি। সবাই বলছিলেন, আমরা সহজেই জিতে যাব। আমরা কিন্তু জানতাম ম্যাচটা সহজ হবে না। কেপ ভার্দে দলটার সবচেয়ে ভালো দিক হলো-ওরা শুধু খেলেই চলে। থামে না। ওদের ফুটবলাররা নিজেদের সর্বস্ব দিয়ে আক্রমণ চালিয়ে যায়। তবে আমরা পরিস্থিতি সামলে নিতে পেরেছি। মাঠও একটু অদ্ভুত ধরনের। বল ঠিকমতো গড়াচ্ছিল না।’