বিশ্বকাপে ব্রাজিলের হয়ে সবচেয়ে ভালো খেলে চারটি গোল করেছেন। কিন্তু নরওয়ের কাছে হেরে ব্রাজিল বিদায় নেওয়ার পর থেকে নীরব ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র। ছয়দিন পর মুখ খুলেছেন তিনি। ক্ষমা চেয়েছেন সমর্থকদের কাছে।
বিশ্বকাপ জেতার দাবিদার হিসাবে ছিল ব্রাজিল। ভিনিসিয়ুস জানিয়েছেন, এই হার মেনে নিতে বেশ কিছুটা সময় লেগেছে তার। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘চার বছর পর আবার, আরও একবার ভাবতে হচ্ছে যে, বিশ্বকাপের এই হতাশার পর কী লিখব। সব বয়সের প্রচুর মানুষ আমাকে সমর্থন করেছেন। আমাদের স্বপ্ন নিজের মধ্যেও লালন করেছেন। তাই চুপ থাকাটা তাদের প্রতি অবিচার।’
ভিনিসিয়ুসের সংযোজন, ‘সব গুছিয়ে নেওয়ার জন্য আমার কিছুটা সময় লেগেছে। জাতীয় দলের জার্সি পরা আমার জীবনের সবচেয়ে বড় গর্ব। প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া এমন একটি হতাশা, যার ব্যাখ্যা করা কঠিন। আমি জানতাম কতটা প্রস্তুত, কতটা মনোযোগী, কতটা মন থেকে এই ট্রফি সমর্থক এবং পরিবারের জন্য চেয়েছিলাম। এই হতাশা বলে বোঝানো যাবে না। আমাদের শক্তিশালী দল। আরও কিছু করতে পারতাম। কিন্তু পারিনি। ক্ষমা চাই। বিশ্বের সেরা দল হওয়ার যে স্বপ্ন, তার পেছনে এখনো তাড়া করে যাব।’








