কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে গবেষণা খাতে স্বতন্ত্র কোনো বরাদ্দ না থাকায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কুবি শাখা। মঙ্গলবার (৩০ জুন) সংগঠনটির পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানানো হয়। সেই সঙ্গে অবিলম্বে গবেষণা খাতে বরাদ্দ নিশ্চিত করা এবং বিভাগগুলোতে পর্যাপ্ত গবেষণাগার ও সরঞ্জাম সরবরাহের দাবি তোলা হয়েছে।বিজ্ঞপ্তিতে সংগঠনটির কুবি শাখার সংগঠক মারুফ শেখ বলেন, ‘বিশ্ববিদ্যালয় মূলত জ্ঞান সৃষ্টি ও গবেষণার কেন্দ্র। অথচ গবেষণার মতো অন্যতম গুরুত্বপূর্ণ খাতে বরাদ্দ না রাখা অত্যন্ত হতাশাজনক। ক্যাম্পাসে গবেষণাগার ও সেমিনার লাইব্রেরির সংকট দীর্ঘদিনের। বিভাগগুলোতে প্রয়োজনীয় সরঞ্জামের তীব্র অভাব থাকলেও বাজেট প্রণয়নে তার কোনো প্রতিফলন দেখা যায়নি।’বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের ন্যূনতম শিক্ষা ও গবেষণার চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। উচ্চশিক্ষা ও গবেষণার পরিবেশ দিন দিন সংকুচিত হয়ে পড়ছে। প্রশাসনের পক্ষ থেকে ইউজিসির (বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন) গবেষণা সহায়তার কথা বলা হলেও, তা শিক্ষক-শিক্ষার্থীদের পর্যাপ্ত গবেষণার জন্য যথেষ্ট নয় বলে দাবি করেন ছাত্রনেতারা।সংগঠনটির পক্ষ থেকে ৩টি প্রধান দাবি জানানো হয় : গবেষণা কার্যক্রম জোরদার করতে বিশ্ববিদ্যালয়ের বাজেটে পৃথক ও পর্যাপ্ত বরাদ্দ রাখা, প্রতিটি বিভাগে আধুনিক গবেষণাগার ও প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিত করা এবং গবেষণাবান্ধব অবকাঠামো গড়ে তোলা।
রাজনীতি
কুবিতে গবেষণায় বরাদ্দ নেই, ছাত্র ফ্রন্টের ক্ষোভ

শেয়ার করুন







