কুমিল্লায় এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় কাজী মোজাম্মেল হক রিফাত (৩২) নামে এক তরুণকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (৫ জুলাই) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রাতে আদালত থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ সালের ১০ আগস্ট কিশোরীর মা-বাবা কর্মস্থলে গেলে মোজাম্মেল হক রিফাত জোরপূর্বক তাদের ঘরে প্রবেশ করেন। পরে কিশোরীকে ধর্ষণ এবং সেই ভিডিও মোবাইলে ধারণ করে রাখেন। পরবর্তীতে ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে কিশোরী তার মায়ের কাছে সব খুলে বলে। এ ঘটনায় ২০২০ সালের ১ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেন।
মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করে। তদন্ত শেষে ২০২১ সালের ২৮ মার্চ আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা।








