দিনাজপুরের ফুলবাড়ীতে দুই শিক্ষাপ্রতিষ্ঠান ও আদিবাসীপল্লি (সাঁওতাল) পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন। আজ রোববার সকাল ১০টায় প্রথমে উপজেলার শিবনগর ইউনিয়নের সরফউদ্দিন উচ্চবিদ্যালয় ও পরে রাজারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন তিনি।
এরপর ওই ইউনিয়নের আলুরডাঙ্গা গ্রামের আদিবাসীপাড়ার হলিক্রস চার্জ (গির্জা) পরিদর্শন শেষে আদিবাসী নেতা ও স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি।
পরে বিকেল সাড়ে ৪টায় রাজারামপুর গ্রামে থাউজেন্ট ডেইস ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন রাষ্ট্রদূত। প্রধান অতিথি হিসেবে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন তিনি।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাছান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ্, থাউজেন্ট ডেইস ডট লাইফ হসপিটালস অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেডের পরিচালক রনি চৌধুরী প্রমুখ।








