কুমিল্লায় অষ্টম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণের দায়ে কাজী মোজাম্মেল হক রিফাত (২৪) নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবদুল হান্নান এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত রিফাত কুমিল্লা নগরীর মোগলটুলী এলাকার কেএম স্বপনের ছেলে।
মামলার এজাহার ও আদালত সূত্রে জানা গেছে, ২০২০ সালের ১০ আগস্ট বিকালে ওই কিশোরী বাসায় একা থাকার সুযোগে প্রতিবেশী রিফাত ভয়ভীতি দেখিয়ে তাকে ধর্ষণ করে। পরে একই বছরের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন সময়ে শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করা হয়। এ ঘটনায় একই বছরের ১ অক্টোবর ওই কিশোরীর মা কোতোয়ালি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
তদন্ত শেষে পুলিশ ২০২১ সালের ২৮ মার্চ রিফাতের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
আদালতের পরিদর্শক মো. সাদেকুর রহমান বলেন, মামলার অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত আসামি রিফাতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। রায় ঘোষণার পর বিচারক আসামিকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেন।








