জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, বজ্রপাতের ঝুঁকি কমানো, মাটির ক্ষয় রোধ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় ১০০টি তালগাছের চারা রোপণ ও বিতরণ করেছে কুড়িগ্রাম বন্ধুসভা। ৮ ও ৯ জুলাই সদর উপজেলার চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ কর্মসূচি পালন করা হয়।
প্রথম দিন কদমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাঁচগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং পরের দিন কাঁঠালবাড়ী বালিকা উচ্চবিদ্যালয় ও কাঁঠালবাড়ী মহিউসুন্নাহ বালিকা দাখিল মাদ্রাসায় এসব চারা রোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের মধ্যেও তালগাছের চারা বিতরণ করা হয়।

গাছ রোপণ শেষে পাঁচগাছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘তালগাছ শুধু পরিবেশ রক্ষায় নয়, বজ্রপাতের ঝুঁকি কমানো, মাটির ক্ষয় রোধ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই শুধু চারা রোপণ করলেই হবে না, সেগুলোর নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণও আমাদের দায়িত্ব।’
কর্মসূচিতে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম বন্ধুসভার উপদেষ্টা মোখলেছুর রহমান, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক, সাধারণ সম্পাদক সুরাইয়া শিমু, বন্ধু কাওসার রহমান, রাইতুল, জিয়ন, স্বর্ণ ও মিমি।
সাধারণ সম্পাদক, কুড়িগ্রাম বন্ধুসভা








