কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় দুধকুমার নদের পানি কমতে শুরু করলেও কমেনি মানুষের দুর্ভোগ। নদের তীব্র স্রোতে পাড় ও বিকল্প সড়ক ভেঙে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন বামনডাঙ্গা ইউনিয়নের হাজারো মানুষ। বিশেষ করে চেলেনিরপাড় এলাকায় বাঁধ নির্মাণে জমি অধিগ্রহণ জটিলতায় প্রতিবছরই ভাঙনের শিকার হচ্ছে লোকালয়।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২/৩ দিন ধরে দুধকুমার নদের পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও বুধবার সকাল থেকে তা কমতে শুরু করেছে। তবে পানি কমলেও ভাঙন আতঙ্ক দেখা দিয়েছে। চলতি বন্যায় বামনডাঙ্গা ইউনিয়নের চেলেনিরপাড়ে অন্তত ১৫ মিটার নদীপথ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়েছে। পানির তোড়ে বড়মানি আদর্শ বাজার সড়কের একটি পরিত্যক্ত সেতুর নিচের বিকল্প সড়কটি ধসে গেছে। এতে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ঝুঁকি নিয়ে সেতুর ওপর দিয়ে পারাপার হচ্ছেন। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তারা।ক্ষতিগ্রস্তরা জানান, ঘরবাড়ি ও রাস্তাঘাটের পাশাপাশি এখনো আমন বীজতলা, পাট ও শাকসবজির খেত পানির নিচে তলিয়ে আছে। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন চাষিরা। চেলেনিরপাড়ের ৩০০ মিটার এলাকায় স্থায়ী বাঁধ না হওয়ায় প্রতিবছরই এমন সংকটের মুখোমুখি হতে হচ্ছে তাদের।কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, "জেলায় নদ-নদীর পানি কমতে শুরু করায় কিছু জায়গায় ভাঙন দেখা দিয়েছে। আমরা ইতিমধ্যে ২৩টি ভাঙনপ্রবণ পয়েন্ট শনাক্ত করেছি। জনগুরুত্বপূর্ণ এলাকা বিবেচনা করে ভাঙন রোধে প্রয়োজনীয় কাজ শুরু করা হয়েছে।"/