কুড়িগ্রামে প্রথমবারের মত অতি উচ্চমাত্রার মাদক ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মিজ জান্নাতুল ফিরদৌস।
এর আগে, বুধবার বিকেলে জেলার ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে ১০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস ও ২ দশমিক ৫ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
গ্রেপ্তার মো. শাহিন খান (২৮) উপজেলার কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, ‘ক্রিস্টাল মেথ আইস’ একটি অত্যন্ত উচ্চমাত্রার ও ভয়ঙ্কর মাদক। এর আগে, দেশে বিভিন্ন সময়ে সীমিত পরিসরে উদ্ধার হয়েছে। তবে কুড়িগ্রামের প্রথমবারের মত এটি উদ্ধার হল। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা হয়েছে।
মিজ জান্নাতুল ফিরদৌস বলেন, “মাদকের বিস্তার রোধে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান আরো জোরদার করা হবে।”








