কুষ্টিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পক্ষ থেকে ৮ জনকে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর (পুশইন) চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির কঠোর অবস্থানের মুখে তারা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যেতে বাধ্য হন।বিজিবি জানায়, গত শুক্রবার ভোর সোয়া ৫ টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধীন জয়পুর সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে এই পুশইনের চেষ্টা করা হয়। সীমান্ত পিলার ১৫২/১-এস সংলগ্ন এলাকা দিয়ে ভারতের ১৪৬ বিএসএফ ব্যাটালিয়নের চর মেঘনা ক্যাম্পের সদস্যরা ওই আটজনকে নদীপথে সাঁতার কাটিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা চালান।বিজিবির টহল দল বিষয়টি তাৎক্ষণিকভাবে শনাক্ত করে এবং তাদের বাংলাদেশে প্রবেশে বাধা দেয়। পরে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের দৃঢ় অবস্থানের মুখে অনুপ্রবেশকারীরা পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যান। ফলে অবৈধভাবে পুশইনের প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করা সম্ভব হয়।৪৭ বিজিবি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ এবং সীমান্ত আইন লঙ্ঘনের প্রচেষ্টা প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি পেশাদারত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে যাচ্ছে।/