রাজশাহীর গোদাগাড়ীতে কৃষিজমিতে মুরগির বিষ্ঠা ফেলে পরিবেশ দূষণের অভিযোগে নাবা পোলট্রি ফার্ম নামের একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ জুলাই) রাতে উপজেলার রিশিকুল ইউনিয়নের ঝিকড়াপাড়া-উলিপুর এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রতিষ্ঠানটির এজিএম ডা. ইকবাল হোসেন ও প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামানের বিরুদ্ধে মোট ৪ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়। একই সঙ্গে জরিমানা অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। তবে তারা তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করায় মুক্তি পান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাতের অন্ধকারে উপজেলার বিভিন্ন কৃষিজমিতে মুরগির বিষ্ঠা ফেলা হচ্ছিল। এতে আশপাশের এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়ার পাশাপাশি মশা, মাছি ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব বেড়ে যায়। ফলে স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছিল। বিষয়টি নিয়ে তারা একাধিকবার প্রশাসনের কাছে অভিযোগ করেন।

অভিযোগের ভিত্তিতে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে কৃষিজমিতে মুরগির বিষ্ঠা ফেলার প্রমাণ পায়। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরিবেশ সংরক্ষণ আইনের আওতায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়।

অভিযান শেষে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান বলেন, পরিবেশের ক্ষতি এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি সৃষ্টি করে এমন কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে ছাড় দেওয়া হবে না। পরিবেশ দূষণ রোধে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

প্রশাসনের এ পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের আশা, ভবিষ্যতে এ ধরনের পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড বন্ধে নিয়মিত নজরদারি ও কঠোর আইন প্রয়োগ অব্যাহত থাকবে।

মনির হোসেন মাহিন/কেএইচকে