কুষ্টিয়া সদর উপ‌জেলায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পুকুরে পড়ে অন্তত ২৫ জন আহত হ‌য়ে‌ছেন। 

শনিবার (১৮ জুলাই) বি‌কে‌ল ৪টার দি‌কে কু‌ষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়‌কের পাটিকাবাড়ী ইউনিয়‌নের তাহের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। আহত‌দের উদ্ধার ক‌রে স্থানীয়ভা‌বে প্রাথ‌মিক চি‌কিৎসার পাশাাপা‌শি কু‌ষ্টিয়া ও চুয়াডাঙ্গা হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে। 

পু‌লিশ ও প্রত‌্যক্ষদর্শী সূ‌ত্রে জানা গে‌ছে, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ‘আল্লাহর দান’ পরিবহনের একটি বাস কুষ্টিয়ার দিকে আসার পথে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বাসের ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করেন।

কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের আবা‌সিক চি‌কিৎসা কর্মকর্তা (আরএমও) ইকবাল হাসান ব‌লেছেন, “আহত কতজন কু‌ষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি হ‌য়ে‌ছেন, তা নি‌র্দিষ্ট ক‌রে এই মুহূ‌র্তে বল‌তে পার‌ছি না। খোঁজ-খবর নি‌য়ে সবার চি‌কিৎসাসেবা নি‌শ্চিত করা হ‌বে।” 

পা‌টিকাবাড়ী পু‌লিশ ক‌্যাম্পের ইনচার্জ পু‌লিশ প‌রিদর্শক (এসআই) ম‌নিরুজ্জামান ম‌নির ব‌লেছেন, “কু‌ষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কের পান্তাপাড়া ও তা‌হের মো‌ড়ের মাঝামাঝি স্থানে সড়‌কে খানাখ‌ন্দ থাকায় ওই অং‌শে নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে বাস‌টি পুকু‌রে উল্টে যায়। বাস‌টি‌তে ২৫ থে‌কে ৩০ জন যাত্রী ছি‌লেন। সবাই কম‌-বে‌শি আহত হয়েছেন। তাদের ম‌ধ্যে তিনজন গুরুতর আহত হ‌য়ে‌ছেন। ত‌বে, কোনো প্রাণহা‌নি ঘ‌টে‌নি। আহত‌দের উদ্ধার ক‌রে হাসপাতা‌লে পাঠা‌নো হ‌য়ে‌ছে।”