কক্সবাজারের কুতুবদিয়ায় পুকুরে ডুবে মোহাম্মদ চয়ন নামে ১৮ মাস বয়সী এক শিশু মারা গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বড়ঘোপ ছিন্নিখাইয়া পাড়া এলাকায় মারা যায় সে।
কুতুবদিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুল হক এ তথ্য জানান।
মারা যাওয়া চয়ন একই এলাকার মোহাম্মদ পারভেজের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে চয়ন সবার অজান্তে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পান তারা। দ্রুত তাকে উদ্ধার করে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. জয়নাব বেগম জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
কুতুবদিয়া থানার ওসি মোহাম্মদ মাহবুবুল হক বলেন, “শিশুটি পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে মারা যায়। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”








